ক্ষীণ সম্ভাবনাতেই ভরসা রাখতে চান লারা
সুপার এইটে টানা তৃতীয় হার। তার মানে, ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষ।
সহজ এই হিসেব ব্রায়ান লারা জানেন না তা নয়, জানেন ঠিকই, তবু শ্রীলংকার সঙ্গে ১১৩ রানে হেরে যাওয়ার পরও তার মুখে ছিল আশার কথা,“ আমাদের জন্য সেখানে (সেমিফাইনালে) যাবার একটা সমীকরণ এখনো আছে, তবে সে জন্য আমাদের বেশ কয়েকটা দলের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।”
সোজা কথা, শেষ চারে যেতে হলে নিজেদের বাকি তিন ম্যাচে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। পাশাপাশি বাকি চার সম্ভাব্য সেমিফাইনালিস্ট অর্থাৎ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা-এই চার দলের যে কোনো একটিকে একাধিক অঘটনের শিকার হতে হবে। এত ‘যদি’, ‘কিন্তু’-র সহায়তা নিয়ে সুপার এইট পেরোনো যে প্রায় অসম্ভব তা মেনে নিয়েই নিজের দলকে বাকি তিন ম্যাচে পুনরুজ্জীবিত রুপে মাঠে দেখতে চেয়েছেন লারা, “আগামী তিন ম্যাচে আমাদের নতুন করে সব গুছিয়ে মাঠে নামতে হবে। দল হিসেবে এক হয়ে খেলতে হবে। ক্যারিবিয়ার প্রতিনিধিত্ব করতে হবে যথার্থভাবে।”
সুপার এইটে এ পর্যন্ত তিন ম্যাচে আশানুরুপ খেলতে না পারার একটা কারণও বলেছেন লারা,“ আমরা গত দশদিনে চারটি ম্যাচ খেলেছি এমন মাঠে যার আউটফিল্ডে ছিল বালু। এমন মাঠে খেলা কঠিন।” তারপরই আগামী তিন ম্যাচে দলের কাছে ভালো কিছু আশা করার কারণ জানিয়েছেন,“এখন তো বিরতি। আশা করি তারপর সতেজ এবং শক্তিশালী হয়ে পরের তিন ম্যাচে ফিরতে পারবো।” ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে বাকি তিন ম্যাচ খেলবে ১০,১৯ ও ২১ এপ্রিল।
ওদিকে ব্রায়ান লারার দলের পারফরম্যান্সে হতাশ ক্যারিবীয় দীপপুঞ্জের অনেক ক্রিকেটামোদী। রোববার অনেকের মুখে শোনা গেছে “অধিনায়ক লারার অপসারন” দাবী। এ দাবী কানে যাওয়ার আগেই ভক্তদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রায়ান লারা“এটা খুব কঠিন টুর্নামেন্ট। আমাদের এখনো টিকে থাকার সামান্য সুযোগ আছে। তাই আমরা চাইবো,সমর্থকরা যেন মাঠে এসে আমাদের সমর্থন যোগান।”
