বাংলাদেশকে উড়িয়েই দিল নিউজিল্যান্ড
পুঁজি মাত্র ১৭৫, তা নিয়ে আর কতই বা লড়াই করা যায়। তার ওপর যদি ক্যাচ আর রানআউটের সুযোগগুলোও কাজে লাগানো না যায় তাহলে যা হওয়ার তাই হয়েছে, নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ উপহার পেয়েছে আরেকটি বড় হার। ২০.৪ ওভার হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পেয়ে সুপারএইটের পয়েন্ট তালিকার শীর্ষেই উঠে গেছে কিউইরা। দুটি করে ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়াও।
অন্য দিকে ভারতের বিপক্ষে দারুণ একটা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা হাবিবুল বাশারের দল যেন ওই জয়টাকে ফ্লুক বলে প্রমাণেরই মিশনে নেমেছে। বারমুডার বিপক্ষে জিতলেও মন ভরাতে পারেনি তারা, আর বাকি সবগুলো ম্যাচে এমন বড় ব্যবধানে হেরেছে যে নেট রানরেটে এমনকি আয়ারল্যান্ডের চেয়েও যোজন যোজন পেছনে ‘টাইগার’রা।
প্র্যাকটিস ম্যাচে হারের জ্বালা মেটানোর মিশনে নিউজিল্যান্ডকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তাদের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। মাত্র ৯০ বলে সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০২ রানে। ৯২ বলের ইনিংসে তিনটি ছক্কা আর ১০টি বাউন্ডারি মেরেছেন তিনি।
রফিকের করা ত্রিশতম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেওয়ার পাশাপাশি নিজের হাফসেঞ্চুরিও পুরণ করেছেন তার সঙ্গে অপরাজিত থাকা হামিশ মার্শাল। জয়ের জন্য তখন তিন রানের দরকার ছিল, কিন্তু মার্শালের প্রয়োজন ছিল ছয়ই।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে একবারই সুযোগ দিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক-মাশরাফি মর্তুজার বলে তার শট ব্যাটের কানায় লেগে আকাশে উঠে গিয়েছিল কিন্তু অনেকটা দৌড়েও তার নাগাল পাননি বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার।
এছাড়া দুটি রানআউটের সুযোগও পেয়েছিল বাংলাদেশ, কিন্তু গালিতে দাঁড়ানো আফতাব দুবারের একবারও ঠিকমতো কুড়াতেই পারেননি বল।
বাংলাদেশকে একমাত্র সাফল্যটি এনে দিয়েছেন রাসেল, দশম ওভারে নিউজিল্যান্ডের ওপেনার পিটার ফুলটনকে (১৫) মিড অনে তামিমের ক্যাচ বানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের স্কোর তখন ৪৪, এরপর দ্বিতীয় উইকেটে ফ্লেমিং আর মার্শাল গড়েছেন ১৩৪ রানের জুটি।
এর আগে দারুণ শুরুর পরও বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ১৭৪ রানে।
১৬ ওভার শেষে স্কোর বোর্ডে রান ৫৪, অবিচ্ছিন্ন দুই ওপেনার। তখন দুশ ছাড়ানো নিয়ে কোনো সংশয় জাগারই কথা নয়, আড়াইশ হবে কি না অঙ্ক কষা চলছিল তা নিয়ে। কিন্তু মিডল অর্ডারের দারুণ ব্যর্থতায় শেষ পর্যন্ত দেড়শ পেরোনো নিয়েই বাংলাদেশ পড়ে গিয়েছিল সংশয়ে। শেষ উইকেটে ‘পুরনো সৈনিক’ মোহাম্মদ রফিক আর সৈয়দ রাসেলের ৩৪ রানের জুটিতে সে সংশয় দূর হয়েছে বটে, কিন্তু বাংলাদেশের স্কোরের চেহারাটা মোটেই স্বস্তির নয়। রফিক দুুটি ছক্কাসহ করেছেন সর্বোচ্চ অপরাজিত ৩০ রান, রাসেল করেছেন ১০।
৫৫ রানের ওপেনিং জুটি গড়ার পর ৭ রানের মধ্যে ফিরে গিয়েছিলেন দু ওপেনার। তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়ে তারপরও বাংলাদেশকে বড় স্কোরের স্বপ্নই দেখাচ্ছিলেন আফতাব আহমেদ আর সাকিব আল হাসান।
তবে আফতাবের বিদায় দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের পতন। স্কট স্টাইরিসকে ছক্কা মারতে গিয়ে লং অনে বদলি ফিল্ডার মার্ক গিলেস্পির হাতে ক্যাচ দেওয়ার আগে এই ডানহাতি করেছেন ৩৮ বলে ২৭ রান।
তারপর মাঠে নেমে রানের জন্য সংগ্রামই করছিলেন অধিনায়ক হাবিবুল (৯)। বেশিক্ষণ করতে হয়নি অবশ্য। ড্যানিয়েল ভেট্টরির বলে বেশ ভালো একটা কাট শট খেলেছিলেন তিনি, কিন্তু দ্বিতীয় রানের জন্য তার দৌড়টা মোটেই তেমন পেশাদারি ভঙ্গির ছিল না। ডিপ পয়েন্ট থেকে ওরামের সরাসরি থ্রোয়ে সেই আলসেমির দণ্ড দিতে হয়েছে তাকে।
এরপর দ্বিতীয় স্পেলে ফিরেই শেন বন্ড এলোমেলো করে দিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার। প্রথম স্পেলের ৫ ওভারে মাত্র ৫ রান দেওয়া এই ফাস্ট বোলারের ষষ্ঠ ওভারের প্রথম বলেই উড়ে গেছে সাকিবের (২৫) স্টাম্প, আর উইকেট কিপার মুশফিকুর রহিমও তার ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে শেষ বলে হয়েছেন বোল্ড। ভারতের বিপক্ষে ৭ রানে জীবন পেয়ে হাফসেঞ্চুরি করার পর গত তিন ইনিংসে এই তরুণের অবদান ৬, ২ আর শূন্য।
তারপরও বাংলাদেশের আশার প্রতীক হয়ে ছিলেন আশরাফুল। কিন্তু স্কট স্টাইরিসের করা পরের ওভারেই তিনিও বোল্ড হয়ে গেলে বড় স্কোরের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। ৮ বল থেকে আশরাফুল করেছেন ৩ রান।
৩ উইকেটে ১২২ থেকে হঠাৎ করেই বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১২৯ হয়ে যাওয়ার পর নেমে রফিক মেরেছেন ইনিংসের প্রথম ছক্কাটি। কিন্তু সেই আনন্দ উপভোগ করার আগেই অন্য প্রান্তে নতুন এক হন্তারকের আবির্ভাব। এক বলের ব্যবধানে মাশরাফিকে বোল্ড আর রাজ্জাককে মিড অফে গিলেস্পির ক্যাচ বানিয়েছেন এই মিডিয়াম পেসার। ১০ ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুই উইকেট নিয়ে বাংলাদেশের যতোটা ক্ষতি করেছেন বন্ড, তারচেয়ে কোনো অংশে কম করেননি তিনি, ৪৩ রানে পেয়েছেন সর্বোচ্চ চার উইকেট।
এর আগে ২৮তম ওভারের প্রথম বলে তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশের ইনিংস। তাতে দুওপেনারের অবদান ৫৫। পাওয়ার প্লের সুবিধাটা সেভাবে নিতে পারেননি, কিন্তু পঞ্চদশ ওভারেই পঞ্চাশে পৌঁছে দিয়ে মোটামুটি ভালো সূচনাই এনে দিয়েছেন এ ম্যাচেই দলে ফেরা জাভেদ ওমর আর তামিম ইকবাল।
তারপরেই অবশ্য বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পর পর দু ওভারে বাংলাদেশের দু ওপেনারকে ফিরিয়ে দিয়ে জ্যাকব ওরাম বদলে দিয়েছেন পরিস্থিতি।
তামিম ইকবালকে স্টাম্পিংয়ের শিকার বানিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দিয়েছেন ওরাম। উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে পা পিছলে পড়লেও ব্যাটটা প্লেস করেছিলেন তামিম, তবে অনেকবার রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ারের মনে হয়েছে সেটা যথাসময়ে করতে পারেননি তিনি।
পরের ওভারেই একদম অন্যরকমভাবে জাভেদ ওমরকে বিদায় করেছেন ওরাম। তামিম ফিরে যাওয়ার পর উইকেট কিপার ম্যাককালামও ফিরে গেছেন স্টাম্প থেকে অনেক দূরে, আর জাভেদের দুর্বল জায়গাতেই আঘাত হেনেছেন ওরাম। গুড লেন্থ থেকে ওঠা দারুণ এক বাউন্সারে কাট করার বৃথা চেষ্টায় উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন ৫১ বলে ২২ রান করা জাভেদ।
তামিমকেও অবশ্য তার পরিচিত রূপে দেখা যায়নি। ৫৪ বলে ২৯ রানের ইনিংসে তার ব্যাট থেকে প্রথম বাউন্ডারিটি এসেছে অষ্টম ওভারে, সেটাও ছিল সৌভাগ্যপ্রসূত। জ্যাকব ওরামের প্রথম বলটিতেই খোঁচা মেরেছিলেন তিনি, ভাগ্য ভালো প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝখান দিয়ে সেটা চলে গেছে সীমানা পেরিয়ে। দ্বাদশ ওভারেও একবার ভাগ্যক্রমে বাউন্ডারি পেয়েছেন এই বাঁহাতি। উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন, জেমস ফ্র্যাংকলিনের বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে চলে গেছে ফাইন লেগ বাউন্ডারিতে। ওই ওভারেই অবশ্য দুর্দান্ত এক কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে নিজের সামর্থের কথাটাও জান দেন তিনি।
এর আগে এই বিশ্বকাপের রীতি মেনে টস জিতে ফিল্ডিংই নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। বল তুলে দিয়েছেন তার বোলারদের হাতে। কিন্তু খেলা শুরু হতে না হতেই তার দল খায় একটা ধাক্কা। নতুন বলের বোলার মাইকেল ম্যাসন তার দ্বিতীয় ওভারটি করতে এসেই শিকার হন ইনজুরির। মাংসপেশিতে টান পড়ায় ওভারটি শেষ না করেই মাঠ ছাড়তে হন তাকে। তার জায়গায় শেষ তিনটি বল করেছেন ক্রেইগ ম্যাকমিলান।
ঘটনাবহুল ওই তৃতীয় ওভারের প্রথম বলেই রানের খাতা খুলেছে বাংলাদেশ। প্রথম দুটি ওভার মেডেন দেওয়ার পর এ ম্যাচেই দলে আসা জাভেদ দারুণ এক স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মেরে যাত্রা শুরু করেন। ওভারটি থেকে সব মিলিয়ে আট রান পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৮ দশমিক ৩ ওভারে ১৭৪/১০ ( জাভেদ ২২, তামিম ২৯, আফতাব ২৭, সাকিব ২৫, হাবিবুল ৯,আশরাফুল ৩, মুশফিক ০, মাশরাফি ২, রফিক অপরাজিত ৩০, রাজ্জাক ০, রাসেল ১০, অতিরিক্ত ১৭, বন্ড ২/১৫, ফ্র্যাঙ্কলিন ০/২৭, ওরাম ৩/৩০, ভেট্টোরি ০/৩৪, স্টাইরিস ৪/৪৩)
নিউজিল্যান্ড : ২৯ দশমিক ২ ওভারে ১৭৮/১ ( ফুলটন ১৫, ফ্লেমিং অপরাজিত ১০২, মার্শাল অপরাজিত ৫০, অতিরিক্ত ১১, মাশরাফি ০/৪১, রাসেল ১/২২, রাজ্জাক ০/৩৮, রফিক ০/৩৭, সাকিব ০/৩৩)
