২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ রানে জিতে গেল ইংল্যান্ড

শেষ দিকে এসে খেই হারিয়ে ফেললো আয়ারল্যান্ড। অবশ্য ইংল্যান্ডের ৭ উইকেটে ২৬৬ রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যেভাবে পিছিয়ে পড়ছিল তাতে এই পরিণতিকে প্রত্যাশিতই বলতে হবে।  তাই সমানে সমানে লড়াইয়ের সব যোগ্যতা দেখিয়েও শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে  তারা ২১৮ রানে অল আউট। তার মানে, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে  ৪৮ রানের বেশ সহজ জয়ই পেয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 03:30 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

৫ ওভারের মধ্যে দু উইকেট শেষ, স্কোর বোর্ডে মাত্র ১১ রান। এর চেয়ে খারাপ সূচনা নিশ্চয়ই কল্পনাও করেনি আয়ারল্যান্ড। তবে তারপর থেকে  পোর্টারফিল্ড (৩১) আর নিয়াল ও’ব্রায়েন (৬৩)  প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়েই এগোচ্ছিলেন। তাদের মধ্যে গড়ে ওঠে ৬১ রানের জুটি। তারপর ফ্লিনটফের বলে পোর্টারফিল্ড আউট।  পরে চতুর্থ উইকেটেও এসেছে ৪৪ রান। কিন্তু নিয়মিত উইকেট হারানো এবং পাশাপাশি প্রয়োজন  মেটানো গতিতে রান আসায় ম্যাচের নিয়ন্ত্রণ কখনোই নিতে পারেনি আয়ারল্যান্ড।

 প্রথম ওভারের পঞ্চম বলেই ব্রে জেমস অ্যান্ডারসনের বলে রবি বোপারাকে ক্যাচ দিয়ে যে বিপদের সূচনা করেছিলেন তা মর্গান সামাল দিতে না পারলেও পোর্টারফিল্ড - নিয়াল ও’ব্রায়েন জুটি  পেরেছিলেন। ১ উইকেটে ৬ , তারপর ১১ রানে দ্বিতীয় উইকেটও হারানো আয়ারল্যান্ড এ জুটির কাছ থেকে ৬১ রান পাওয়ায়  স্কোর ছিল ২ উইকেটে ৭২। ফ্লিনটফের বল পোর্টারফিল্ড মিড উইকেটের ওপর দিয়ে উড়তে মারতে গিয়ে ইয়ান বেলকে ক্যাচ না দিলে পরাজয়ের আশঙ্কাকে হয়তো দূরে ঠেলতে পারতেন আইরিশরা।  তা যে হয়নি তার মূল কারণ ৮৮ বলে ৬৩ রান করার পর মাইকেল ভনের বলে নিয়াল ও’ব্রায়েনের স্টাম্পড হওয়া। ওভাবেই ১৩৯ রানে ষষ্ঠ উইকেটেরও পতন। মাঝের দুটো জুটিতে ৪৪ ও ২৩ রান পেলেও ওভার প্রতি রান তাড়ায় পিছিয়ে পড়েছিল বিশ্বকাপ অভিষেকেই সাড়া জাগানো দলটি। আন্দ্রে বোথা (১৮) ও কেভিন ও’ব্রায়েন (১২) পানেসারের শিকার হয়েছেন রানের গতি বাড়ানোর তাগিদে সাড়া দিতে গিয়েই।

এর আগে নিজেদের ইনিংসের শেষ ৫ ওভারে ৬৫ রান তুলে নিয়মিত বিরতিতে ধাক্কা খেতে থাকা ইংল্যান্ড পেয়েছিল স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো স্কোর। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৬৬ - ভালোই তো! তবে এই স্কোর পাওয়া সম্ভব হতো না পল কলিংউড ৮২ বলে ৯০ আর কেভিন পিটারসেন (৪৮) ও অ্যান্ড্রু ফ্লিনটফ (৪৩) চল্লিশ পেরুনো ইনিংস না খেললে।

সুপার এইটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডও পড়েছিল বিপদে। টস জিতে ব্যাট করতে নামার পরপরই তাদের ব্যাকফুটে নিয়ে গিয়েছিল বয়ড র‌্যানকিনের জোড়া আঘাত। ডান হাতি এই মিডিয়াম ফাস্ট বোলারের প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিটাই ছিল দারুণ এক ইনকাটার, হঠাৎ ভেতরে আসা সেই বলেই বোল্ড হয়ে যান এড জয়েস। ইংল্যান্ডের স্কোর তখন ১ উইকেটে ৬। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আবার বয়ডের সাফল্য। চমৎকার লেংথের বলটি একটু লাফিয়ে উঠে মাইকেল ভনের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেট কিপার নিয়াল ও’ব্রায়েনের গ্লাভসে। ২৩ রানে দ্বিতীয় উইকেটও হারায় ইংল্যান্ড।

সেই থেকে অনেকক্ষণ দলের স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার লড়াইয়ে ছিলেন ইয়ান বেল আর কেভিন পিটারসেন। এই জুটিতে আসে ৬৬ রান। তারপরই ও’ব্রায়েন ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় বেল আউট। কেভিন ও’ব্রায়েনের সোজা বলকে লেট - কাট করতে গিয়েই বেল ডেকে আনেন নিজের ও দলের বিপদ;সহজ ক্যাচ নিতে একটুও সমস্যা হয়নি নিয়ালের। তারপর পিটারসেনও অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি। তার ৪৭ বলে ৪৮ রানের ইনিংসটি শেষ হয় খুব বাজেভাবে। ম্যাককালানের নিরীহ বলে এগিয়ে এসে  পিটারসেন এমন শট নিলেন, দেখে মনে হলো ষষ্ঠ চার না মেরে বোধহয় মিড অনে ক্যাচ প্র্যাকটিসেরই সুযোগ দিয়েছিলেন। পোর্টারফিল্ড সুযোগটা হাতছাড়া করেননি।

তারপর কলিংউড আর ফ্লিনটফের মধ্যে গড়ে ওঠে ইনিংসের সবচেয়ে বড় জুটি। ফ্লিনটফ জনস্টনের বলে বোল্ড হওয়ার আগে ষষ্ঠ উইকেটে দিয়ে যান ৮১ রান। তবে আড়াইশ পেরোনোয় পল কলিংউড - পল নিক্সনের জুটির অবদানও কিছু কম নয়। ২৯ বলে ৫১ রান এসেছে এই জুটিতে। নিক্সন করেছেন ১৫ বলে ১৯। আর কলিংউড? ইংল্যান্ডে আবার ম্যাচ বাঁচানোর মতো অবস্থায় নিতে তার ব্যাট উপহার দিয়েছে  ৮টি চার ও ৩ টি ছক্কায় সাজানো ৯০ রান। শেষ ওভারে রান আউট না হলে ক্যারিয়ারের ১৫ তম ফিফটিকে হয়তো সেঞ্চুরিতেই রুপ দিয়ে ফেলতেন কলিংউড।

ইংল্যান্ড : ৫০ ওভারে ২৬৬/৭ ( জয়েস ১, ভন ৬, বেল ৩১, পিটারসেন ৪৮, কলিংউড ৯০, ফ্লিনটফ ৪৩, নিক্সন ১৯, বোপারা অপঃ ১০, মাহমুদ অপঃ ০, অতিঃ ১৮, ল্যাঙ্গফোর্ড স্মিথ ০/৩৮, র‌্যাঙ্কিন ২/২৮, জনসন ১/৭০, বোথা ১/৫৬,  কেভিন ও’ব্রায়েন ১/২৬, ম্যাককলান ১/৩৮, হোয়াইট ০/৮)

আয়ারল্যান্ড : ৪৮.১ ওভারে ২১৮( পোর্টারফিল্ড ৩১, ব্রে ০ , মরগান ২, নিয়াল ও’ব্রায়েন ৬৩, বোথা ১৮, কেভিন ও’ব্রায়েন ১২, জনস্টন ২৭ , ম্যাককালান ৫ , হোয়াইট ৩৮, ল্যাংফোর্ড স্মিথ ১, র‌্যানকিন ৪*, অতিরিক্ত ১৭, ফ্লিনটফ ৪/৪৩, পানেসার ২/৩১, অ্যান্ডারসন ১/৩৫, কলিংউড ১/৩৮, মাহমুদ ০/৩৪)

ফল : ইংল্যান্ড ৪৮ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : পল কলিংউড