অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই : ম্যাকগ্রা
স্কটল্যান্ড বা নেদারল্যান্ডসকে নিয়ে কেউ বিন্দু মাত্র আশা করেনি। তবে অন্তত দক্ষিণ আফ্রিকা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে অস্ট্রেলিয়ার সঙ্গে, এ আশা ছিল অনেকেরই। কিন্তু তা-ও হয়নি। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি দুর্দান্ত খেললেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়ানডে র্যাংকিংয়ের সেরা দুটি দলের লড়াইয়েও ৮৩ রানের বড় ব্যবধানেই জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ই কি এতখানি আত্মবিশ্বাসী করে তুলেছে গে¬ন ম্যাকগ্রাকে? ক্যারিয়ারের চতুর্থ ও শেষ বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পা রাখার পর এত দিন প্রায় চুপচাপই ছিলেন তিনি। মুখ খুললেন বৃহস্পতিবার। আর তাতেই আত্মবিশ্বাস বিচ্ছুরিত, আগুন ঝরা এক মন্তব্য। সর্বকালের অন্যতম সেরা পেসারের ধারণা, এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো কোন দলই নেই!
“মাঠে নেমে নিজেদের খেলাটা খেলতে পারলে আমাদের কাছাকাছি আসার মতো কোন দলকে তো আমি দেখতে পাচ্ছি না”--- বৃহস্পতিবার অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে প্র্যাকটিসশেষে এ ভাবেই মন্তব্য করেছেন তিনি। গত বছর অ্যাশেজের আগেও ইংল্যান্ডের হোয়াইটওয়াশ হওয়ার ভবিষ্যদ্বাণী করা ম্যাকগ্রা জানাচ্ছেন, তার এই বক্তব্য মোটেও বাগাড়ম্বর নয়,“আমি যা বিশ্বাস করি না তা কখনোই বলি না। ব্যাপারটা সব অস্ট্রেলিয়ানের মধ্যেই আছে।”
অস্ট্রেলিয়ার বর্তমান দলটার ঈর্ষণীয় সাফল্যের কারণও তিনি জানিয়েছেন নির্দ্বিধায়,“বহু দিন ধরেই আমরা দারুণ সফল। কারণ আমরা জানি কিভাবে জিততে হবে, মাঠে নেমে কি করতে হবে। মাঠে নামার সময় নিজের দিকে তাকাতে হবে আপনাকে। যারা আপনার সঙ্গে নামছে লক্ষ্য রাখতে হবে তাদের দিকেও। আমাদের দলে কয়েক জন বিস্ময়কর, সর্বকালের অন্যতম গ্রেট খেলোয়াড় রয়েছে। এটা আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগায়।”
দল নিয়ে প্রশস্তিতে মেতে উঠলেও ব্যক্তিগত একটা অর্জনের কথা কিন্তু ভুলে যাননি ম্যাকগ্রা। শনিবার বাংলাদেশের বিপক্ষে দুই উইকেট পেলেই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হবেন তিনি। পেছনে ফেলে দেবেন সর্বকালের সেরা বাঁহাতি পেসার হিসাবে স্বীকৃত ওয়াসিম আকরামের ৫৫ উইকেটকে। এমন অনন্য এক অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ম্যাকগ্রা নিজেও দারুণ রোমাঞ্চিত,“আকরাম আমার কাছে এক জন হিরোর মতো। তাকে সবাই সর্বকালের অন্যতম সেরা বোলার হিসাবেই মনে করে। আর দুটো উইকেট পেয়ে তাকে পেরিয়ে যেতে পারলে সেটা হবে আমার জন্য বিশেষ কিছু।”
তবে এমন একটা অর্জন থেকে ঢিলছোঁড়া দূরত্বে থাকলেও একটা ব্যাপারে তিনি কিন্তু অনড়। আগেই জানিয়েছিলেন বিশ্বকাপ শেষে বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সেই সিদ্ধান্ত থেকে এক চুলও নড়তে রাজি নন টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, “যদি শুধু খেলার ব্যাপার হতো, তা হলে আমি হয়তো তা চালিয়ে যেতাম। কিন্তু এর সঙ্গে ভ্রমণ, প্রশিক্ষণ, বাচ্চাদের থেকে দীর্ঘ দিন দূরে থাকা ইত্যাদি অনেক ব্যাপার জড়িত। আমি অত্যন্ত ভাগ্যবান যে দীর্ঘ ১৪ বছর শীর্ষ পর্যায়ে খেলতে পেরেছি। এখন সময় এসেছে সরে দাঁড়ানোর।”
