জয়াসুরিয়াদের সামনে বিশ্বকাপে নবাগত বারমুডা
বিশাল দেহের জন্য তিনি ‘স্লাগো’ নামে পরিচিত। তবে ক’দিন আগে ইংল্যান্ডের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচের পর থেকে ডোয়াইন লেভেরকের বিশেষণের ভান্ডার বেশ সমৃদ্ধই (!) হয়েছে বলা যায়। ব্রিটিশ পত্রিকাগুলোর দেয়া সেই সব বিশেষণের কয়েকটা হলো ÑÑÑ ‘বারমুডা পাই---অ্যাঙ্গেল’, ‘লার্ড বিফোর উইকেট’ বা উইকেটের আগে মেদ এবং হাউজ দ্যাটকে ব্যাঙ্গ করে ‘আউজ ফ্যাট’! এই সব ব্যাঙ্গকে সঙ্গী করেই ১২০ কেজি ওজনের বাঁ হাতি স্পিনার লেভেরক এবং তার দল বারমুডা বিশ্বকাপে অভিষিক্ত হতে যাচ্ছে বৃহস্পতিবার। পোর্ট অফ স্পেনের কুইন’স পার্ক ওভালে প্রথম ম্যাচেই তাদের সামনে শ্রীলঙ্কা। ’৯৬-এর বিশ্ব চ্যাম্পিয়ন, এবারের অন্যতম ফেভারিটের সামনে তারা কি স্রোতের মুখে পড়া খরকুটোর মতোই ভেসে যাবে?
সে আশঙ্কা কিন্তু উড়িয়ে দেয়া যাচ্ছে না। ইংল্যান্ডের সঙ্গে সেই প্রস্তুতি ম্যাচে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে তারা হার মেনেছিল ২৪১ রানে। তার আগে জিম্বাবুয়ের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচেও ৬ উইকেটে হেরেছে বারমুডা। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ও কানাডার বিপক্ষেও কোনো ম্যাচে জিততে পারেনি। অর্থাৎ বারমুডা সবচেয়ে বাজে প্রস্তুতি নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে।
ম্যাচে বারমুডার ক্রিকেটারদের মধ্যে লেভেরক সবচেয়ে বেশি আলোচিত হলে শ্রীলঙ্কানদের মধ্যে পাদপ্রদীপের আলোটা সবচেয়ে উজ্জ্বল সনাৎ জয়াসুরিয়ার ওপরে। ‘মাতারা হারিকেন’ ৩৭ বছর বয়সেও আগের মতোই বিধ্বংসী। ’৯৬ বিশ্বকাপে একাধিক ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন, পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। পঞ্চম বিশ্বকাপে অংশ নিতে যাওয়া জয়াসুরিয়া যে আগের মতোই ধারালো, সে কথাও জানাচ্ছেন নিজেই,“আবার বিশ্বকাপে খেলতে পেরে দারুণ লাগছে। আমি এখনো আগের ব্যাটসম্যানই আছি। আশা করি শ্রীলঙ্কার গৌরবোজ্জ্বল দিনগুলো ফিরিয়ে আনতে পারবো।”
শচীন টেন্ডুলকারের চেয়ে দুটি ম্যাচ কম খেলা জয়াসুরিয়াই এখন ওয়ানডেতে দ্বিতীয় অভিজ্ঞতম ক্রিকেটার। ৩৭৯টি খেলে তার রান ১১৫৩৮, সেঞ্চুরি ২৩টি। এখানেও টেন্ডুলকারের ৪১টি সেঞ্চুরির পরেই তার অবস্থান। গত বছরটা তো দুর্দান্ত কেটেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের। ২৬ ওয়ানডেতে ৪৮ গড়ে ৫টি সেঞ্চুরিসহ ১১৫৩ রানেই বোঝা যায় এখনো জয়াসুরিয়ার ব্যাটের ধার কত তীক্ষ্ম । এই দুর্দান্ত ফর্মকে জীবনের শেষ বিশ্বকাপেও ধরে রাখতে উদগ্রীব জয়াসুরিয়ার স্মৃতিতে ১১ বছর আগের সেই গৌরব---গাঁথা এখনো উজ্জ্বল। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য ’৯৬ বিশ্বকাপের শিরোপা দিয়েই বর্তমান দলটির তরুণ সদস্যদের অনুপ্রাণিত করতে চাইছেন তিনি,“এটা এমনই এক অসাধারণ স্মৃতি যা আজও আমাকে আলোড়িত করে। এ ধরনের অনুভূতি কেউ কখনো ভুলতে পারে না। এক জন ক্রিকেটারের জীবনে এটাই সেরা স্মৃতি। ঐ দলের মধ্যে এখন যারা বর্তমান দলে আছে তারা তরুণদের সব সময় বলে, কিভাবে আমরা টুর্নামেন্টটা জিতেছিলাম, শেষ দিন পর্যন্ত কিভাবে প্রত্যেক ম্যাচ অনুযায়ী পরিকল্পনা করেছিলাম।”
’৯৬ -- এর সেই সুখস্মৃতিকে জীবনের শেষ বিশ্বকাপে ফিরিয়ে আনতে চাইছেন জয়াসুরিয়া। ভাস --- মুরালিধরনও তা চাইছেন। শিরোপা জিততে ব্যাকুল সেই দলের সামনে বারমুডার তো উড়ে যাওয়াই স্বাভাবিক!
