ঢাকা, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগের রাউন্ডেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় জাতীয় ক্রিকেট লিগের একদিনের প্রতিযোগিতা নিয়ে আর উত্তেজনা নেই তেমন। তবু সোমবার অনুষ্ঠিত নবম রাউন্ডের ম্যাচগুলো ছিল উত্তেজনায় ভরা। চট্টগ্রামকে ১ রানে হারিয়েছে ঢাকা, আরেক ম্যাচে শিরোপা নিশ্চিত হওয়া রাজশাহীকে হারিয়ে দিয়েছে খুলনা। তৃতীয় ম্যাচটিতেও উত্তেজনা কম ছিল না। বরিশালকে ১২ রানে হারিয়েছে সিলেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ঢাকা তাদের নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করেছিল ২৪৮। মোশাররফ দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন। আনোয়ার করেন ৪৫। চট্টগ্রামের ইউনুস ও সাজু নেন দুটো করে উইকেট।
২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক চট্টগ্রাম ৯ উইকেটে ২৪৭ রান করলে মেনে নিতে হয় ১ রানের হার। ফয়সালের ৮৬ এবং সঙ্গে মাসুমদ্দৌলার ৪২ রানে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল তারা, কিন্তু মূলত পেসার শরীফের কারণেও তীরে তরী ভেড়াতে পারেনি তারা। ৪৬ রানে ৪ উইকেট নিয়ে শরীফ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
শিরোপা নিশ্চিত হওয়া রাজশাহী নিজ মাঠে খুলনার বিপক্ষে খেলতে নেমেই পড়ে বিপর্যয়ের মুখে। রবিউল ও জিয়াউলের বোলিং তোপে তারা মাত্র ৭৯ রানে অলআউট। রবিউল ৭ রানে নিয়েছেন ৪ উইকেট, জিয়াউরের ৪ উইকেটের জন্য ব্যয় হয়েছে ৩৯ রান। মাত্র ২২ ওভারেই ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ৮০ রান তোলে নেয় খুলনা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন খুলনার জিয়াউর।
নিজের মাঠে বরিশালের বিপক্ষে সিলেট ৪৪.৩ ওভারে অলআউট হয়েছিল ২০৭ রানে। যথারীতি এবারও তাদের ত্রাতা অলক কাপালি, ৮০ রান করেছেন তিনি। তালহা ও আরাফাত নেন তিনটি করে উইকেট। জবাব দিতে নেমে ১৯৫ রানে অলআউট হয় বরিশাল। দলের রকিবুল ৭৮ রান করলেও আর কেউ তাকে সেভাবে সহযোগিতা না করাতে ১২ রান দূরে থাকতেই শেষ হয় বরিশালের ইনিংস।
১৪ পয়েন্ট পেয়ে আগের রাউন্ডেই শিরোপা নিশ্চিত করেছে রাজশাহী। রানার্স আপের লড়াই চলছে ঢাকা ও খুলনার মধ্যে। দুদলেরই পয়েন্ট এখন ১০। অর্থাৎ রানার্স আপ কে জানার জন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯১০ঘ.
bdnews24