২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট জয়

৯ ম্যাচ খেলে ৮টিতে পরাজয়, অন্যটা ড্র --- এত দিন এটাই ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স। নেলসন ম্যান্ডেলার দেশে টেস্টে জয় পাওয়ার হাহাকার অবশেষে দূর হলো ক্যারিবীয়দের। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১২৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে তারা এখন ১-০ ব্যবধানে এগিয়ে। প্রথম ইনিংসে ২১৩ রানের লিড পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ১৭৫ রান। ৩৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৬০ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৯ ম্যাচ খেলে ৮টিতে পরাজয়, অন্যটা ড্র --- এত দিন এটাই ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স। নেলসন ম্যান্ডেলার দেশে টেস্টে জয় পাওয়ার হাহাকার অবশেষে দূর হলো ক্যারিবীয়দের। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১২৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে তারা এখন ১-০ ব্যবধানে এগিয়ে। প্রথম ইনিংসে ২১৩ রানের লিড পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ১৭৫ রান। ৩৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৬০ রানে। স্বাগতিকদের শুরুটা একদমই ভালো হয়নি। তৃতীয় ওভারেই হার্শেল গিবসকে (০) এলবিডব্লু করে ক্যারিবীয়দের ব্রেক থ্রু এনে দিয়েছেন ড্যারেন পাওয়েল। এর পর তার সঙ্গে ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছেন ফিডেল এডওয়ার্ডস। পরপর দু ওভারে হাশিম আমলা (৮) ও গ্রায়েম স্মিথের (১১) উইকেট তুলে নিয়েছেন তিনি। অ্যাশওয়েল প্রিন্সও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ রান করে জেরম টেলরের বলে তিনি ক্যাচ দিয়েছেন ক্রিস গেইলকে। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের তখন দিশেহারা অবস্থা। সেই দুরবস্থা থেকে তাদের টেনে তোলার চেষ্টা করছিলেন দারুণ ফর্মে থাকা জ্যাক ক্যালিস। আগের ৪ টেস্টে ৫টি সেঞ্চুরি করা ক্যালিস এই ম্যাচের প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি। সেই ক্ষোভ মেটাতেই যেন জ্বলে উঠলো এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারের ব্যাট। শুরু থেকে দারুণ আস্থার সঙ্গে খেলে ৩০তম সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও তা শেষ হয়েছে আম্পায়ার রাসেল টিফিনের এক বিতর্কিত সিদ্ধান্তে। ফিডেল এডওয়ার্ডসকে পুল করতে চেয়েছিলেন। কিন্তু বল ক্যালিসের ব্যাটের বদলে কাঁধ স্পর্শ করে চলে গেছে উইকেট কিপার দীনেশ রামদিনের গ্লাভসে। ফিল্ডারদের সমস্বরে আবেদনে টিফিন আঙ্গুল তুললেও টিভি রিপ্লে দেখিয়েছে বল ব্যাটেই লাগেনি! ৮৫ রান করা ক্যালিস পঞ্চম উইকেট জুটিতে ১১২ রান যোগ করেছেন এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে। ডি ভিলিয়ার্সও ভালোই লড়াই করেছেন। টেলরের বলে স্যামুয়েলসকে ক্যাচ দেয়ার আগে ৬০ রান করেছেন তিনি। তার আগেই অবশ্য বাউচারকে (১৩) টেলর ও হ্যারিসকে (০) ফিরিয়ে দিয়েছেন ব্রাভো। ডি ভিলিয়ার্সের বিদায়ের সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৮ উইকেটে ১৯২ রান। ওয়েস্ট ইন্ডিজ তখন জয়ের ভাবনায় রোমাঞ্চিত। কিন্তু তার পরই সেন্ট জর্জেস পার্কে ঝড় তুলেছেন আন্দ্রে নেল ও ডেল স্টেইন। 'আর তো হারানোর কিছু নেই' ভঙ্গিতে দু জনই আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিপক্ষের বোলারদের। আর সেজন্যই নবম উইকেটে মাত্র ১০ ওভারে গড়ে উঠেছে ৬৭ রানের জুটি। তবে দর্শকদের বিনোদন দিলেও জয়ের ধারে-কাছেও দলকে নিয়ে যেতে পারেননি নেল ও স্টেইন। ৩৭ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩৪ রান করা নেলকে কট বিহাইন্ড করে জুটিটা ভেঙ্গেছেন ড্যারেন স্যামি। এর পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি পোর্ট এলিজাবেথ টেস্ট। এনটিনি (১) ম্যাচের সেরা স্যামুয়েলসকে তুলে মারতে গিয়ে মিড অফে পাওয়েলকে ক্যাচ দেয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠেছে ক্যারিবীয়রা। মাত্র ২৬ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৩৩ রান করে অপরাজিত ছিলেন স্টেইন। এডওয়ার্ডস ও পাওয়েল নিয়েছেন তিনটি করে উইকেট। এর আগে ৮ উইকেটে ১৪৬ রান নিয়ে দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেলর ও পাওয়েলের ১৬ রানের জুটি ভেঙ্গেছেন পল হ্যারিস। পাওয়েলকে (৬) বোল্ড করার পর টেলরকে (২২) আন্দ্রে নেলের তালুবন্দী করে ইনিংসে তার চতুর্থ উইকেটটি নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২২০ঘ.