পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- প্রথমে ক্রিস গেইলের ঝড়ো ৬৬ রান। এর পর মারলন স্যামুয়েলসের দৃঢ়তাপূর্ণ ৯৪ রানের ইনিংস। দুয়ে মিলে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। দিনশেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ২৮১ রান।
গত কয়েক দিন ধরে পোর্ট এলিজাবেথে বৃষ্টি হচ্ছে। সকালে উইকেটের আর্দ্রতার সুযোগ নিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে ৫০তম টেস্টে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে দু বার ভাবেননি গ্রায়েম স্মিথ। খেলা শুরু হওয়ার ঠিক আগে ফিটনেস পরীক্ষায় সফল হওয়া গেইলও জানিয়েছেন, টস জিতলে ফিল্ডিংই নিতেন তিনি। টস হারার দুঃখ ভুলতেই বোধহয় শুরু থেকে ঝড় উঠলো গেইলের ব্যাটে। ড্যারেন গঙ্গার সঙ্গে তার ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়ে উঠেছে মাত্র ১৭ ওভারে! স্মিথের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দেয়া জুটিটা শেষ পর্যন্ত ভেঙ্গেছেন আন্দ্রে নেল, ৩৩ রান করা গঙ্গাকে কট বিহাইন্ড করে।
তার আগেই মাত্র ৪২ বলে ২৮তম টেস্ট ফিফটি পেয়েছেন গেইল। কিন্তু গঙ্গার বিদায়ের পরের ওভারেই তিনি আউট! বাঁহাতি স্পিনার পল হ্যারিসকে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে জ্যাক ক্যালিসের হাতে ধরা পড়েছেন গেইল। ক্যারিবীয় অধিনায়কের ৪৯ বলে ৬৬ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ১৩টি।
মধ্যাহ্ন বিরতির ঠিক আগের ওভারে আরেকটা উইকেটও তুলে নিতে পারতো স্বাগতিকরা। কিন্তু ডেল স্টেইনকে ড্রাইভ করতে গিয়ে মারলন স্যামুয়েলস স্মিথকে ক্যাচ দিলেও বলটা ছিল 'নো'! ১৪ রানে অপরাজিত থেকে তাই 'লাঞ্চ' করতে পেরেছেন স্যামুয়েলস। তখন তার সঙ্গে ছিলেন ১৩ রানে অপরাজিত রুনাকো মর্টন।
প্রথম সেশনে ওভার প্রতি ৪ দশমিক ৮১ রান তুললেও মধ্যাহ্ন বিরতির পর সেই গতি আর ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েলস ও মর্টন ধীরে-সুস্থে খেলেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাখায়া এনটিনির অফস্টাম্পের ওপরে পিচ পড়া খাটো লেন্থের বল কাট করতে চেয়েছিলেন মর্টন। কিন্তু বল তার ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় পয়েন্টে দাঁড়ানো অ্যাশওয়েল প্রিন্সের হাতে। স্যামুয়েলসের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়া মর্টন ৭১ বল খেলে ৩৩ রান করেছেন।
মর্টনের বিদায়ের পরই দিনের সেরা জুটিটার জন্ম। শুরুতে রক্ষণাত্মক থাকলেও ধীরে ধীরে হাত খুলে খেলেছেন স্যামুয়েলস। প্রোটিয়া বোলারদের সাধারণ মানে নামিয়ে এনে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১২টি চার সহ ৯৪ রান করে দ্বিতীয় স্লিপে জ্যাক ক্যালিসের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই টেস্টের সিরিজে ২০ উইকেট নেয়া ডেল স্টেইনের প্রথম দিনে এই একটাই সাফল্য। পঞ্চম উইকেট জুটিতে দলকে ১১১ রান উপহার দিয়েছেন স্যামুয়েলস ও চন্দরপল। দিনশেষে চন্দরপল অপরাজিত ছিলেন ৪৩ রানে। সঙ্গে থাকা ডোয়াইন ব্রাভো রানের খাতা খুলতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৮ঘ.
bdnews24