গল, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিন মাত্র ৮১ রানে অলআউট। এরপর ফলোঅন এবং লজ্জাকর এক পরাজয়ের দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন থেকে ইংল্যান্ডকে সাময়িক মুক্তি দিয়েছে বৃষ্টি। শুক্রবার গল টেস্টের চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হতে পারেনি অঝোর বৃষ্টিতে। তার আগ পর্যন্ত ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১ উইকেটে ১০২ রান। অ্যালিস্টার কুক ব্যাট করছেন ৫৩ রান নিয়ে। তার সঙ্গী ইয়ান বেল অপরাজিত ১৭ রানে। শ্রীলঙ্কার থেকে এখনও ৩১৬ রানে পিছিয়ে মাইকেল ভনের দল।
বিনা উইকেটে ২ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। ভন ও কুক উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৬৭ রান। এ জুটি ভেঙ্গেছেন এ ম্যাচে অভিষিক্ত বাঁহাতি পেসার চানক্য ওয়েলেগেদারা। দ্বিতীয় স্লিপে প্রতিপক্ষ অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ক্যাচ দিয়েছেন ভন (২৪)। সেখান থেকে বেলকে নিয়ে দ্বিতীয় উইকেটে আরো ৩৫ রান যোগ করেছেন কুক। ক্যারিয়ারের ৯ম টেস্ট ফিফটিটি করতে ১০৩ বল খেলেছেন এই বাঁহাতি ওপেনার যাতে চারের মার ছিল ৭টি।
এরপরই বৃষ্টির হানাতে মধ্যাহ্ন বিরতি এগিয়ে আনতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। সেই বিরতি একেবারে শেষ হয়েছে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার ঘোষণাতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০২ঘ.
bdnews24