২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার অস্ট্রেলিয়ার টেস্ট দলে টেইট-হগ

শন টেইট সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০০৫ সালের অ্যাশেজে, ওভালে ইংল্যান্ডের বিপক্ষে। ব্র্যাড হগের সর্বশেষ টেস্ট তারও প্রায় দু বছর আগে, ২০০৩-এর অক্টোবরে জিম্বাবুয়ের সঙ্গে সিডনিতে। অনেক দিন পর আবার তাদের সামনে টেস্ট খেলার সুযোগ। ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১২ জনের দলে সুযোগ পেয়েছেন টেইট-হগ দুজনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

সিডনি, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শন টেইট সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০০৫ সালের অ্যাশেজে, ওভালে ইংল্যান্ডের বিপক্ষে। ব্র্যাড হগের সর্বশেষ টেস্ট তারও প্রায় দু বছর আগে, ২০০৩-এর অক্টোবরে জিম্বাবুয়ের সঙ্গে সিডনিতে। অনেক দিন পর আবার তাদের সামনে টেস্ট খেলার সুযোগ। ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১২ জনের দলে সুযোগ পেয়েছেন টেইট-হগ দুজনই। বিশ্বকাপে ২৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপা জয়ে বড় অবদান রাখলেও কনুইয়ের ইনজুরিতে পড়ে তারপর থেকেই মাঠের বাইরে ছিলেন টেইট। গত মাসে শ্রীলঙ্কার সঙ্গে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায়। তবে গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে ফিটনেসের ভালই প্রমাণ দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার। আর সেজন্য প্রায় আড়াই বছর পর আবার তিনি টেস্টে বিশ্বসেরাদের প্রতিনিধিত্ব করার দ্বারপ্রান্তে। টেইট দলে ফেরায় বাদ পড়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে থেকেও কোনো টেস্ট খেলার সুযোগ না পাওয়া বেন হিলফেনহস। বাঁহাতি চায়নাম্যান বোলার হগের টেস্ট দলে প্রত্যাবর্তনটা হয়েছে ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট পিউরা কাপে ভাল পারফরম্যান্সে সুবাদে। আর লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের কব্জির ইনজুরিটা কাজ করেছে প্রভাবক হিসেবে। প্রথম টেস্টের অস্ট্রেলিয়া দল : রিকি পন্টিং (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, ব্র্যাড হগ, মাইক হাসি, ফিল জ্যাকস, মিশেল জনসন, ব্রেট লি, অ্যান্ড্রু সাইমন্ডস ও শন টেইট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/