ঢাকা, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানকে তাদের মাটিতে হারাতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের অপেক্ষায় থাকেনি বাংলাদেশের তরুণরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা নিজেদের করে নিয়েছে। সোমবার ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ৪৯ রানে, সুবাদেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ জয়। পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন এগিয়ে ৩-১ ব্যবধানে, বুধবারের শেষ ম্যাচে হারলেও তাই সিরিজটা বাংলাদেশেরই থাকবে।
চতুর্থ ম্যাচেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত করে ফেলার নায়ক শুভাশীষ রায়। বাংলাদেশের ১৬৭ রানের জবাব দিতে নেমে শ্রীলঙ্কা পড়ে শুভাশীষের তোপের মুখে। ১০ ওভার বল করে ৪ মেডেনসহ ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার, আর তাতে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে। ডলার মাহমুদ, সোহরাওয়ার্দী এবং নাসির একটি করে উইকেট নিয়ে শুভাশীষকে সাহায্য করেছেন আর নিশ্চিত করেছেন বাংলাদেশের জয়।
শুভাশীষের কৃতিত্বের কারণে আড়াল হয়ে যাচ্ছে, নইলে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরাও কিন্তু ব্যর্থ হয়েছিলেন বড় সংগ্রহ দাঁড় করাতে। মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর তৃতীয় উইকেটে মাহমুদুল (৪১) এবং নাসির হোসেনের (৪৬) ব্যাটিংয়ে বাংলাদেশ প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছিল ভালোমতোই। কিন্তু ১০৩ রানের মাথায় এই জুটিটি ভাঙ্গার পর হঠাৎ করেই বাংলাদেশ পরিণত হয় ৭ উইকেটে ১১৫ রানে। সেখান থেকে মার্শাল আইয়ুবের অপরাজিত ৪২ রান বাংলাদেশকে নিয়ে যায় ১৬৭ রানে। খুব নিরাপদ স্কোর নয়, কিন্তু শুভাশীষের বোলিংয়ে তাতেই ম্যাচ এবং সিরিজ জয় হয়ে গেলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/১৯১৫ঘ.
bdnews24