২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান চ্যালেঞ্জ জয়ের নেশায় ভারতের পাঁচ তারকা

তারা ভারতীয় ক্রিকেটে সোনালী প্রজন্মের ধারক। গত দেড় দশকে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণের হাত ধরে বহু ম্যাচ জিতেছে ভারত। এবার তাদের সামনে এক কঠিন লক্ষ্য --- বিশ্ববিজয়ী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের 'মিশন'। সেই লক্ষ্যপূরণে বলা যায় এটাই তাদের সামনে শেষ সুযোগ। মধ্য-তিরিশে পৌঁছে যাওয়া ভারতীয় ক্রিকেটের এই পাঁচ তারকার ২০১১ সালে পরবর্তী অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজটা তাই টেন্ডুলকারদের জন্য বিশেষ এক চ্যালেঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 04:23 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

মুম্বাই, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তারা ভারতীয় ক্রিকেটে সোনালী প্রজন্মের ধারক। গত দেড় দশকে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণের হাত ধরে বহু ম্যাচ জিতেছে ভারত। এবার তাদের সামনে এক কঠিন লক্ষ্য --- বিশ্ববিজয়ী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের 'মিশন'। সেই লক্ষ্যপূরণে বলা যায় এটাই তাদের সামনে শেষ সুযোগ। মধ্য-তিরিশে পৌঁছে যাওয়া ভারতীয় ক্রিকেটের এই পাঁচ তারকার ২০১১ সালে পরবর্তী অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজটা তাই টেন্ডুলকারদের জন্য বিশেষ এক চ্যালেঞ্জ। এমন একটা সময় ছিল যখন দেশের বাইরে টেস্ট জয় ভারতের জন্য হয়ে পড়েছিল সোনার হরিণ। তবে গত কয়েক বছরে 'দেশে বাঘ বিদেশে বিড়াল' অপবাদটা প্রায় ঘুচিয়েই ফেলেছে ভারত। ২০০৪এ পাকিস্তানে, গত বছর ওয়েস্ট ইন্ডিজের পর এ বছর ইংল্যান্ডেও টেস্ট সিরিজ জয় করেছে 'টিম ইন্ডিয়া'। কিন্তু ৩৫ বছর পর ক্যারিবিয়ান কিংবা ২১ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও তারা এখনো অস্ট্রেলিয়া জয় করে উঠতে পারেনি। সুযোগ যে আসেনি তা নয়। '৮৬তে কপিল দেবের নেতৃত্বে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত টেস্ট সিরিজ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। চার বছর আগে অস্ট্রেলিয়ায় সর্বশেষ সফরটাও ছিল দীর্ঘশ্বাসে ভরা। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রাহুল দ্রাবিড়ের ২৩৩ ও অপরাজিত ৭২ রানের দুটো অসাধারণ ইনিংস ৪ উইকেটের জয় এনে দিলেও মেলবোর্নে অনুষ্ঠিত পরের টেস্টে হেরে যায় ভারত। সিডনিতে শেষ টেস্টের চতুর্থ দিনে ৪৪৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল সৌরভের দল। কিন্তু নিজের মাঠে বিদায়ী টেস্ট খেলতে নামা স্টিভ ওয়াহ জীবনের শেষ ইনিংসে ৮০ রান করে বাঁচিয়ে দেন অস্ট্রেলিয়াকে। এবার তাই অস্ট্রেলিয়া জয় করতে প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় ক্রিকেটের সোনালী প্রজন্ম। পঞ্চ তারকার কনিষ্ঠতম ৩৩ বছর বয়সী লক্ষ্মণ সেই প্রতিজ্ঞার কথাই জানালেন, "গতবার আমরা একটা টেস্ট ম্যাচ জিতলেও সিরিজ জিততে পারিনি ... (সিডনিতে) শেষ ম্যাচ ড্র হয়েছিল। এবার আমাদের সবার মনে এক ও অভিন্ন আকাক্সক্ষা হলো সিরিজ জয় করা। যে কোনো ক্রিকেটারের জন্যই সবচেয়ে সন্তোষজনক ঘটনা হলো অস্ট্রেলিয়ায় ভালো খেলা। সেটাই তাদের আসল লক্ষ্য।" সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য এই পাঁচ জনের দিকেই তাকিয়ে থাকতে হবে ভারতকে। গতবার তো তাদের সৌজন্যেই জয় প্রায় ছিনিয়ে এনেছিল সৌরভের দল। ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৪৪ রানের এক অসাধারণ ইনিংস খেলে 'প্রিন্স অব কলকাতা' সৌরভ উজ্জীবিত করে তুলেছিলেন তার দলকে। ২৩৩ ও ৭২ রানে অপরাজিত থেকে অ্যাডিলেড জয়ের নায়ক দ্রাবিড় মেলবোর্নে ৯২ ও সিডনিতে ৯১ রানের আরো দুটো দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। চার টেস্টের সিরিজে সব মিলিয়ে ৬১৯ রান এসেছিল 'মিস্টার কুল'-এর ব্যাট থেকে। সিডনিতে 'লিটল জিনিয়াস' টেন্ডুলকারের ২৪১ ও ৬০ রান (দুটোই অপরাজিত), লক্ষ্মণের অ্যাডিলেডে ১৪৮ ও সিডনিতে ১৭৮ রান এবং সিরিজে কুম্বলের ২৪ উইকেট (যার মধ্যে সিডনিতেই ছিল ১২টি) অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে। ২৮ বছর পর দেশের মাটিতে পাকিস্তানকে হারিয়ে 'টিম ইন্ডিয়া' এখন দারুণ উজ্জীবিত। লক্ষ্মণও জানাচ্ছেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাওয়া এই জয় দলকে কতখানি অনুপ্রাণিত করেছে, "এটা খুবই ভালো ব্যাপার যে আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি। এই মুহূর্তে ছেলেদের আত্মবিশ্বাস অবিশ্বাস্য রকমের।" তাহলেও কাজটা যে খুব সহজ হবে না সেটা জানেন লক্ষণ, কারণ অস্ট্রেলিয়ার বে বোলিং। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা অবসর নিলেও লক্ষ্মণের ধারণা, "ব্রেট লি, শন টেইট বা মিশেল জনসন যেভাবে বল করে কিংবা স্টুয়ার্ট ক্লার্কের কথা ধরলেও বলা যায় এদের মুখোমুখি হওয়া একটা বিশাল চ্যালেঞ্জ।" যদিও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে তার অন্তত ভয় পাওয়ার কথা নয়। ২০০১ সালের ইডেন টেস্টে 'লক্ষ্মণের শক্তিশেল' নিশ্চয়ই ভুলে যায়নি স্টিভ ওয়াহর দল! ফলোঅন করতে নেমে লক্ষ্মণের ২৮১ রানের এক অত্যাশ্চর্য ইনিংসই জয়ের ভিত গড়ে দিয়েছিল ভারতের। প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়া ভারত সেই টেস্ট জিতে সমতায় ফিরেছিল। এর পর চেন্নাইতে শেষ টেস্ট জিতে সিরিজও জয় করেছিল সৌরভের দল। টানা ১৬ টেস্ট জিতে বিশ্ব রেকর্ড গড়া অস্ট্রেলিয়ার জয়ের ধারায় ছেদ পড়েছিল ইডেনেই। রিকি পন্টিংয়ের দল এখন সেই রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে। শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করার সুবাদে তারা এই মুহূর্তে টানা ১৪ টেস্টে বিজয়ী। ভারতের সঙ্গে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে হারতে হারতে ড্র করা অস্ট্রেলিয়া নিশ্চয়ই রেকর্ডটা সমৃদ্ধ করতে উদগ্রীব হয়ে আছে। অন্যদিকে টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়-কুম্বলে-লক্ষ্মণদের লক্ষ্য জীবনের শেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়। দু পক্ষের লক্ষ্যপূরণের সিরিজটার জন্য তাই ক্রিকেটপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষায়! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.