ডারবান, ৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভাইরাসে কাবু হয়ে আছেন গ্রায়েম স্মিথ। এতটাই যে দ্রুত সেরে ওঠার সুযোগ নেই। তাই আগামী রোববার পোর্ট এলিজাবেথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে দলে থাকছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। তার বদলে দলে ঢুকেছেন মরনি ফন উইক। আর নেতৃত্ব দেবেন শন পোলক।
গত অক্টোবরে পাকিস্তান সফরে এই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন স্মিথ। রোববার দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে কোচ মিকি আর্থার বলেছেন, "ওর চিকিৎসকরা জানিয়েছেন সেরে ওঠার জন্য ওর কিছুদিন বিশ্রাম প্রয়োজন। তাই তিন সপ্তাহের জন্য তাকে খেলা থেকে দূরে থাকার সুপারিশ করেছেন তারা। তবে ২৬ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলার জন্য স্মিথ ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী আর্থার।
দক্ষিণ আফ্রিকা দল : মরনি ফন উইক, হার্শেল গিবস, জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স, গুলাম বেদি, শন পোলক (অধিনায়ক), ভারনন ফিলান্ডার, অ্যালবি মর্কেল, ইয়োহান বোথা, ডেল স্টেইন ও মাখায় এনটিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৩০ঘ.
bdnews24