ব্যাঙ্গালোর, ভারত, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাঙ্গালোর টেস্টের ঠিক আগে ইনজুরি সমস্যায় ভারত রীতিমতো জর্জরিত। 'টিম ইন্ডিয়া'র ইনজুরি তালিকার সর্বশেষ সংযোজন শচীন টেন্ডুলকার। হাঁটুর ইনজুরির কারণে শনিবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে না-ও খেলতে পারেন 'লিটল জিনিয়াস'।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে আশঙ্কার কথাটা জানাতে গিয়ে উদ্বেগ চেপে রাখতে পারেননি ভারতের টেস্ট অধিনায়ক অনিল কুম্বলে, "ওয়ানডে সিরিজ থেকে শুরু হওয়া শচীনের হাঁটুর সমস্যা কলকাতা টেস্টে ফিল্ডিংয়ের সময় আরো বেড়ে গেছে। তার অবস্থা অবশ্য ক্রমশ ভালো হচ্ছে। তবে (ম্যাচের) সকালে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলে বদলি হিসাবে কাউকে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ।" সেই বদলি হিসাবে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে গৌতম গম্ভীরকে।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১-০তে এগিয়ে থাকা ভারতের জন্য আরেকটা দুঃসংবাদ হলো মহেন্দ্র সিং ধোনির গোড়ালির ইনজুরি। টেন্ডুলকারের মতোই ওয়ানডে সিরিজের সময় গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন ভারতের উইকেট কিপার। ব্যান্ডেজ প্রথম দুই টেস্ট খেললেও ব্যাঙ্গালোরে তাকে পাওয়া নিয়ে বেশ সংশয়ে স্বাগতিকরা। কুম্বলে জানিয়েছেন, "আমরা প্রথমে এই ম্যাচে তাকে বিশ্রাম দেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু শচীনের ঘটনাটার জন্য আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারছি না।" শেষ পর্যন্ত ধোনি খেলতে না পারলে দীনেশ কার্তিক উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন আর প্রথম একাদশে সুযোগ পাবেন ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় যুবরাজ সিং।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৪০ঘ.
bdnews24