২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাভেদ-রফিকদের চুক্তির মেয়াদ নেমে এল ৬ মাসে

প্রতি বছর অক্টোবরেই সাধারণত ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এবার আগের চুক্তির মেয়াদ দুই মাস বর্ধিত করে তারা জানিয়েছিল, ডিসেম্বরে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করা হবে। তার আগে দেখে নেওয়া হবে জাতীয় লিগে ক্রিকেটারদের পারফরম্যান্স। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তা দেখে বুধবার ২২ জনের যে তালিকা ঘোষণা করেছে বিসিবি, তাতে চারজন সিনিয়র ক্রিকেটারের প্রতি হুশিয়ারিও আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রতি বছর অক্টোবরেই সাধারণত ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এবার আগের চুক্তির মেয়াদ দুই মাস বর্ধিত করে তারা জানিয়েছিল, ডিসেম্বরে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করা হবে। তার আগে দেখে নেওয়া হবে জাতীয় লিগে ক্রিকেটারদের পারফরম্যান্স। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত তা দেখে বুধবার ২২ জনের যে তালিকা ঘোষণা করেছে বিসিবি, তাতে চারজন সিনিয়র ক্রিকেটারের প্রতি হুশিয়ারিও আছে। এরা হচ্ছেন ওপেনার জাভেদ ওমর ও শাহরিয়ার নাফীস, স্পিনার মোহাম্মদ রফিক এবং উইকেটকিপার খালেদ মাসুদ। গত বছর তাদের সঙ্গে এক বছরের চুক্তি করা হলেও এবার তার মেয়াদ মাত্র ছয় মাসের। ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন চুক্তি। ওই চারজন ছাড়াও ছয় মাস মেয়াদী চুক্তিতে আরো আছেন তামিম ইকবাল, তুষার ইমরান, ফরহাদ রেজা, মেহরাব হোসেন জুনিয়র, এনামুল হক জুনিয়র, রাজিন সালেহ এবং নাজমুল হোসেন। এর মধ্যে তামিম এর আগে ছিলেন 'রুকি কনট্রাক্টে' (নবাগতদের চুক্তি)। এবার ছয় মাস মেয়াদী এধরনের চুক্তিতে জায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকী। আগের বছরের চুক্তিতে থাকা তাপস বৈশ্য এবার বাদ পড়েছেন। জাভেদ-রফিকদের অবনমন ঘটলেও উন্নতি হয়েছে আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, সৈয়দ রাসেল, মুশফিকুর রহিম এবং শাহাদাত হোসেনদের। তারা ছয় মাসের চুক্তি থেকে এবার উঠে এসেছেন এক বছরের চুক্তিতে। এছাড়া মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার ও আফতাব আহমেদরা আগের মতোই আছেন পুরো বছরের চুক্তিতে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.