হারারে, জিম্বাবুয়ে, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথমে পেসারদের নিখুঁত নিশানায় বোলিং। তার পর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং। এই দুইয়ের যোগফলে মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সুবাদে পাঁচ ম্যাচ সিরিজে ক্যারিবীয়রা এখন ২-১এ এগিয়ে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। শুরু থেকে ক্যারিবীয় পেসারদের তোপের মুখে একটুও স্বস্তিতে থাকতে পারেনি স্বাগতিকরা। সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু (৩২), স্টুয়ার্ট মাৎসিকেনেরি (১৬) ও কিথ দেবাংওয়া (অপরাজিত ২৬) ছাড়া আর কোনো জিম্বাবুইয়ান ব্যাটসম্যান দু অংকের ঘরে পৌঁছাতে পারেননি। আর সেজন্যই ৩৭ দশমিক ৫ ওভারে মাত্র ১৩৯ রানেই শেষ জিম্বাবুয়ের ইনিংস। ড্যারেন পাওয়েল ও জেরম টেলর নিয়েছেন তিনটি করে উইকেট।
৫০ ওভারে ১৪০ রান অত্যন্ত মামুলি টার্গেট। তার পরও ৩৪ রানের মধ্যে দুই ওপেনার ডেভন স্মিথ (১) ও অভিষিক্ত ব্রেন্টন পার্চমেন্টকে (১৫) ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন এল্টন চিগুম্বুরা। রুনাকো মর্টনকে নিয়ে ৪৩ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করেছেন শিবনারায়ণ চন্দরপল। ৩৮ রান করা মর্টনকে গ্যারি ব্রেন্টের ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙ্গেছেন প্রসপার উৎসেইয়া। এরপর মারলন স্যামুয়েলসকেও (৪) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। কিন্তু ঐ পর্যন্তই। পঞ্চম উইকেটে চন্দরপল ও ডোয়াইন ব্রাভোর অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি ২৭ দশমিক ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে ক্যারিবীয়দের। তখন ব্রাভো ৪৫ ও চন্দরপল ২৭ রানে অপরাজিত। ম্যান অব দ্য ম্যাচ অবশ্য তারা কেউ নন, ১৮ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয়া টেলর।
আগামী শুক্রবার বুলাওয়েতে হবে সিরিজের চতুর্থ ম্যাচ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.
bdnews24