ক্যান্ডি, শ্রীলঙ্কা, ১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একে নিজের মাঠ, তার ওপরে শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ড থেকে দূরত্ব মাত্র ৫ উইকেটের --- ক্যান্ডি টেস্টে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শুধুই মুত্তিয়া মুরালিধরন। কিন্তু শনিবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনটি কিছুই উপহার দিতে পারেনি সর্বকালের সেরা অফস্পিনারকে। শ্রীলঙ্কানদেরও ভাল যায়নি দিনটা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১৮৮ রানেই শেষ হয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। ম্যাথু হগার্ড (৪/২৯) ও মন্টি পানেসার (৩/৪৬) দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কানদের বেঁধে রেখেছেন দু শ'র নিচে। দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান।
১৮৮ তো অনেক দূরের পথ, এক সময় মনে হচ্ছিল তিন অংকের ঘরেও পৌঁছাতে পারবে না শ্রীলঙ্কার সংগ্রহ। টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকদের প্রথম ধাক্কা দিয়েছেন রায়ান সাইডবটম, সনাৎ জয়াসুরিয়াকে (১০) কেভিন পিটারসেনের ক্যাচ বানিয়ে। ১ উইকেটে ২৯ থেকে শ্রীলঙ্কার ইনিংসকে শ্মশানের চেহারা দেয়ার একমাত্র স্থপতি হগার্ড। একে একে মাইকেল ভ্যানডর্ট (৮), অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (১), চামারা সিলভা (২) ও জিহান মুবারককে (০) ফিরিয়ে দিয়ে তিনি ৫ উইকেটে ৪২ রানে পরিণত করেছেন প্রতিপক্ষকে। এর মধ্যে চামারা ও জিহান আউট হয়েছেন একই ওভারের প্রথম ও শেষ বলে এবং দু জনই কট বিহাইন্ড।
দলীয় স্কোর ফিফটি স্পর্শ করার আগেই ৫ ব্যাটসম্যান নেই! শ্রীলঙ্কার ড্রেসিংরুমে তখন থমথমে অবস্থা। সেই দুঃসহ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কুমার সাঙ্গাকারা ও প্রসন্ন জয়াবর্ধনের দৃঢ়তায়। দু জনে ১০৬ রান যোগ করার পর আবার ছন্দপতন। এবার হগার্ড নন, ইংলিশদের উৎসব গড়ে উঠেছে পানেসারকে ঘিরে। তার বাঁহাতি স্পিনেই অ্যালিস্টার কুকের তালুবন্দী হয়েছেন প্রসন্ন। শ্রীলঙ্কার উইকেট কিপারের ৫১ রানে সংগ্রামী ইনিংসটা গড়ে উঠেছে ৯টি বাউন্ডারিতে।
অস্ট্রেলিয়া সফরে হোবার্ট টেস্টে ১৯২ রানের এক অসাধারণ ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকান আম্পায়ার রুডি কোয়ের্তজেনের ভুল সিদ্ধান্তের বলি হয়েছিলেন সাঙ্গাকারা। শনিবারও দলের দুঃসময়ে জ্বলে উঠেছে তার ব্যাট। সেঞ্চুরি অবশ্য পাননি। ১৩টি বাউন্ডারিতে ৯২ রান করে জেমস অ্যান্ডারসনের বলে ক্যাচ দিয়েছেন পল কলিংউডকে। তার ঠিক আগে পানেসারের ঘুর্ণিতে বিভ্রান্ত হয়ে ফিরে গেছেন চামিন্ডা ভাস (১২) ও দিলহারা ফার্নান্দো (০)। সাঙ্গাকারা আউট হওয়ার সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৯ উইকেটে ১৮৬ রান। আর দুই রান যোগ হতেই মুরালিধরনের (১) রান আউটের মাধ্যমে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস।
১৮৮ রানের পুঁজি নিয়ে মাঠে নামা স্বাগতিকদের শুরুতেই আনন্দের জোয়ারে ভাসিয়েছেন ভাস। শততম টেস্ট খেলতে নামা এই বাঁহাতি পেসার ইনিংসের তৃতীয় বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন অ্যালিস্টার কুককে। তখন কুকের মতো ইংল্যান্ডের স্কোরের পাশেও এক বিরাট শূন্য! তবে প্রথম দিনে স্বাগতিকদের আর উৎসবে মেতে উঠতে দেননি ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ও ইয়ান বেল। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে দু জনে যোগ করেছেন ৪৯ রান। দিনশেষে বেল ৩৬ ও ভন ১৩ রানে অপরাজিত ছিলেন। ৩ ওভার বল করে দুটো মেডেন সহ ২ রান দিলেও কোনো উইকেট পাননি মুরালি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৮ঘ.
bdnews24