পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ১ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবারের দক্ষিণ আফ্রিকা সফরটা মোটেও ভাল কাটছিল না নিউজিল্যান্ডের। দুই টেস্টের সিরিজে বিধ্বস্ত হওয়া, এক মাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে পরাজয়ের পর প্রথম ওয়ানডেতেও হেরে যাওয়ায় বেশ হতদ্যেম হয়ে পড়েছিল কিউইরা। শেষ পর্যন্ত উজ্জীবিত হওয়ার মতো একটা জয় পেলো তারা। শুক্রবার দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড সহজেই ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সেই সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ফিরিয়ে এনেছে সমতাও।
টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের শুরুটা মোটেও ভাল হয়নি। স্কোরবোর্ডে ৫ রান জমা হতেই দুই ওপেনার গ্রায়েম স্মিথ (০) ও হার্শেল গিবস (০) আউট! শুরুর জোড়া ধাক্কা ইনিংসের শেষ পর্যন্ত তাড়া করে ফিরেছে স্বাগতিকদের। ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলের মাঝে ব্যতিক্রম ছিলেন শন পোলক (৫২) ও মার্ক বাউচার (৪৮)। শেষ দিকে ১৩ বলে ৩টি বাউন্ডারি ও দুটি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকা আন্দ্রে নেলের অবদানও কম নয়। তার পরও ৫০ ওভারশেষে ৯ উইকেটে ২০৯ রানের মামুলি সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। কাইল মিলস (৩/৪৩) ও মার্ক গিলেস্পির (৩/৫৫) কার্যকর বোলিংয়ের জন্যই সংগ্রহটা বড় হতে পারেনি।
জবাবে শুরুতে লু ভিনসেন্ট (৯) রান আউট হলেও কিউইদের কখনো দিগভ্রান্ত হতে দেননি ব্রেন্ডন ম্যাককালাম ও জেমি হাউ। দ্বিতীয় উইকেটে দু জনের ১৫৪ রানের জুটি নিউজিল্যান্ডের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছে। ৮৫ বলে ৮১ রান করে বদলি ফিল্ডার ডেল স্টেইনের সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন ম্যাককালাম। হাউও অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। তবে তিনি ৭৬ রান করে চার্ল ল্যাঙ্গাভেল্টের বলে এলবিডব্লু হলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি কিউইদের। স্কট স্টাইরিস ২৪ ও রস টেলর ১৩ রানে অপরাজিত থেকে ১১ ওভার ২ বল আগেই জয় এনে দিয়েছেন দলকে।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার, নিউল্যান্ডসে।
বিবিসির সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৭২৪ঘ.
bdnews24