ঢাকা, ২৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত মাসে একদিনের সংক্ষিপ্ত ঢাকা সফরেই টিম মে জানিয়ে গিয়েছিলেন, ফেডারেশন ফর ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) পরবর্তী সভাতেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য। মানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) তাদের সদস্যপদ পাবে কিনা, সেটা ওই সভার ওপরই নির্ভর করছে। গত ২৬ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত সভাতে অবশ্য কোয়াবের পক্ষেই গেছে সব। সভায় উপস্থিত অন্যান্য দেশের ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধিদের সর্বসম্মতিতেই তাদের ফিকার সদস্য করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোয়াবের আহবায়ক দেবব্রত পাল।
"সভার পরই জেনে গিয়েছিলাম আমাদের সদস্যপদ দেওয়া হচ্ছে। কিন্তু আরো কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় গত দুদিনে খবরটা আমরা কাউকে জানাইনি। অবশেষে আজ (বৃহষ্পতিবার) দুপুরে ফিকার প্রধান নির্বাহী কর্মকর্তা টিম মে'র ই-মেইল পেলাম। কোয়াবের সদস্যপদ নিশ্চিত করার পাশাপাশি তিনি আমাদের অভিনন্দনও জানিয়েছেন"- বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেছেন নির্বাচিত কমিটির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর থেকেই আহবায়কের দায়িত্ব নেওয়া দেবব্রত। এখন থেকে বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থরক্ষায় কোয়াবের উদ্যোগী হওয়ার পথও এই সদস্যপদ পাওয়ায় খুলে গেছে বলে মনে করেন তিনি, "ফিকা এমনিতেই বিশ্বজুড়ে ক্রিকেটারদের স্বার্থরক্ষায় বেশ সোচ্চার। এখন থেকে আমাদের ক্রিকেটারদের ভালে-মন্দে তাদেরও পাশে পাওয়া যাবে। তাদের সমর্থনটা অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮২০ঘ.
bdnews24