ঢাকা, ২৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছেন তুষার ইমরান। সাকিব আল হাসান আছেন সেঞ্চুরির পথেই। প্রতিপক্ষের ব্যাটিং ব্যর্থতার পর ওই দুজনের ব্যাটিংয়ের সুবাদে খুলনার দ্বিতীয় ইনিংস যেখানে পৌছে গেছে, তাতে শুক্রবার ম্যাচের শেষদিনে জেতার আশা ছেড়ে দিয়েই নামা উচিত ঢাকার। ইতিমধ্যেই যে ৩৩৭ রানের লিড নিয়ে ফেলেছে খুলনা! জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রামও। দ্বিতীয় ইনিংসে চরমভাবে ব্যর্থ বরিশালের ব্যাটসম্যানরা। ১১৭ রানেই ৭ উইকেট নেই তাদের। অথচ লিড মাত্র ৫৮ রানের। সিলেটকে ২৯৩ রানে শেষ করে দেওয়া রাজশাহী দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ২ উইকেটে করেছে ২৪ রান। সবমিলিয়ে ১৪৮ রানের লিড তাদের।
খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ৬ উইকেটে ১৭৩ রান নিয়ে দিন শুরু করা ঢাকাকে বেশিদূর এগুতে দেননি মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি শুরুর আগে চলতি জাতীয় লিগে তার শেষ ম্যাচে ঝলসে উঠেছেন দেশসেরা এই পেসার। যাকে ঘিরে টেনেটুনে ইনিংসটাকে ভালো জায়গায় নেওয়ার স্বপ্ন দেখছিল ঢাকা, সেই নাদীফ চৌধুরীকে (২৭) শুরুতেই বোল্ড করে দেওয়া মাশরাফি এরপরে সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ শরীফকেও (৮)। এরপর এই ম্যাচে স্বাগতিক দলের অধিনায়কের বোলিং ফিগারটা দাঁড়িয়েছে এরকম : ২০-৫-৪৪-৪! ঢাকাকে মাত্র ২০৪ রানে শেষ করে দেওয়ায় বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসানের (৩/৩২) ভূমিকাও কম নয়।
মাত্র ২৫৩ রানে প্রথম ইনিংস শেষ হওয়ার আক্ষেপও সাকিব মুছে দিচ্ছেন ব্যাট হাতে। তৃতীয় দিনের শেষে তাই ৫ উইকেটে ২৮৮ রানে পৌছে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ফিফটি করা মোস্তাফিজুর রহমানের (৪২) সঙ্গে কার্যকর একটা পার্টনারশিপ গড়া ওপেনার ইমরুল কায়েসও (৪৮) এবার রান পেয়েছেন। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে প্রথম ইনিংসে ফিফটিতেই থেমে যাওয়ার দুঃখ সেঞ্চুরি দিয়ে ভুলতে চাওয়া তুষার ইমরানের সঙ্গে সাকিবের জুটি। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১৫২ রান। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে অফস্পিনার মাহমুদুল্লাহর বলে উচ্চাভিলাষী শট খেলতে না গেলে ৯২-তেই থেমে যেতে হয় না তুষারকে। ১২২ বলের ইনিংসে ৯ বাউন্ডারির পাশাপাশি তার আগ্রাসী ব্যাটিংয়ের প্রতীক হয়ে আছে তিনটি ছক্কাও। শেষদিনের সকালে সাকিবের সেঞ্চুরি পর্যন্তই বোধহয় অপেক্ষা করবে খুলনা। কারণ না হারার মতো রান তাদের হয়েই গেছে। ৮২ রান নিয়ে ব্যাট করতে নামা সাকিব যতো দ্রুত তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌছাতে পারেন, ততো দ্রুতই ইনিংস ঘোষণা করে দিয়ে ঢাকাকে চেপে ধরতে নামবে চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিকরা দিন শুরু করেছিল ৪ উইকেটে ২৭০ রান নিয়ে। সেখান থেকে দলকে ৩৫২ রানে একাই টেনে নিয়ে যান আগেরদিন ১১৮ রানে অপরাজিত থাকা নাফিস ইকবাল। ১৫৩ রান করে আউট হন চট্টগ্রামের এই ওপেনার। তবে ৯ উইকেটে ৩৫২ রান তুলে তারা ইনিংস ঘোষণা করায় পুরো বোলিং বোনাস পয়েন্ট নিতে পারেনি বরিশাল। ব্যাটিংয়েও তাদের করুণ অবস্থা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক শাহরিয়ার নাফীস (৯) এই ইনিংসে ব্যর্থ। এক রাকিবুল হাসান (৪৩) ছাড়া বলার মতো রান কারো নেই। পেসার কামরুল ইসলাম ২৬ রানে নিয়েছেন তিন উইকেট। তবে বরিশালের ব্যাটিং দৈন্যতা ফুটিয়ে তুলছে ধীমান ঘোষের বোলিং কীর্তি। এই ইনিংসেই উইকেটের পেছনে দুটো ক্যাচ নেওয়া চট্টগ্রামের উইকেটকিপার ধীমান পরে হাত ঘুরিয়েও নিয়েছেন দুই উইকেট! তার বোলিং ফিগারটা দেখুন : ৩-২-১-২!
ফতুল্লা স্টেডিয়ামে ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করা সিলেট শুরুতেই হারায় আগেরদিন ৬৫ রানে অপরাজিত ইমতিয়াজ হোসেনকে (৬৯)। তবে পরে গোলাম মাবুদের অপরাজিত ৮২ রানে এবং ইজাজ আহমেদের (৬৫) ফিফটিতে প্রায় তিনশো ছুঁয়ে ফেলে সিলেট। হয়তো আরো বেশি হতো, কিন্তু তা হতে দেয়নি সাকলায়েন সজীবের বোলিং কীর্তি। ৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। পেসার আলমগীর কবীর ৭৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.
bdnews24