২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিককে কঠোর হতে উপদেশ দিলেন আফ্রিদি

বয়সের বিচারে অনেক সিনিয়রকে টপকে অধিনায়ক হয়েছেন। অভিজ্ঞতার বিচারেও। হতে পারে সিনিয়রদের বকাঝকা করতে একটু দ্বিধাতেই ভোগেন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। কিন্তু শহীদ আফ্রিদির ধারণা ভালো ফল পেতে এ ধরণের দ্বিধা ঝেড়ে ফেলতেই হবে মালিককে। পাকিস্তানের এই অলরাউন্ডারের মতে মালিকের উচিত হবে ভারতের বিপক্ষে সিরিজে ফেরার জন্য খেলোয়াড়দের ওপর আরো কঠোর হওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

কোলকাতা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বয়সের বিচারে অনেক সিনিয়রকে টপকে অধিনায়ক হয়েছেন। অভিজ্ঞতার বিচারেও। হতে পারে সিনিয়রদের বকাঝকা করতে একটু দ্বিধাতেই ভোগেন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। কিন্তু শহীদ আফ্রিদির ধারণা ভালো ফল পেতে এ ধরণের দ্বিধা ঝেড়ে ফেলতেই হবে মালিককে। পাকিস্তানের এই অলরাউন্ডারের মতে মালিকের উচিত হবে ভারতের বিপক্ষে সিরিজে ফেরার জন্য খেলোয়াড়দের ওপর আরো কঠোর হওয়া। টেস্ট দলে সুযোগ না পাওয়া আফ্রিদির কথা হচ্ছে, "যদি কোনো খেলোয়াড় তার সামর্থ্যরে পুরোটা না দেয় তাহলে অধিনায়কের উচিত কঠোরভাবে তাকে সতর্ক করা। আমি মনে করি প্রথম টেস্ট জেতার মতো অবস্থায় ছিল আমাদের দল।" যোগ করেছেন, "অভিজ্ঞতা অনেক জরুরি। অনিল কুম্বলে বেশ বুদ্ধিদীপ্তভাবে দল পরিচালনা করেছে। মালিকও তা করতে পারে, তবে সেজন্য তাকে আরো আত্মবিশ্বাসী হতে হবে এবং খেলোয়াড়দের চাপ দিতে হবে আরো ভালো খেলার জন্য।" এ প্রসঙ্গে আফ্রিদি স্মৃতিচারণ করেছেন দু'বছর আগের। ২০০৫ সালে ভারত সফরে পিছিয়ে থেকেও সিরিজে সমতা এনেছিল পাকিস্তান। ব্যাঙ্গালোরে সিরিজের শেষ টেস্টটি প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, "পুরো ব্যাপারটা আসলে আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। ব্যাঙ্গালোরে আমাদের মনে হচ্ছিল আমরা জিতব আর অধিনায়ক ইনজামাম-উল হক বারবার আমাদের বলছিলেন যে আমরা সিরিজে সমতা আনতে যাচ্ছি। কিন্তু সেজন্য ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে।" এই ব্যাটিং ব্যর্থতাকেই দিল্লী টেস্টে হারের জন্য এগিয়ে রেখেছেন আফ্রিদি। তার মতে, "দারুণ একটা শুরুর পরও ঠিক মতো এগোয়নি দলের ব্যাটিং। আমার মনে কোনো সন্দেহ নেই আরো ৮০ বা ১০০ রান করতে পারলে প্রথম টেস্টে আমরাই জিততাম।" আরো বলেছেন, "শেষ পর্যন্ত হেরে যাওয়াটা ছিল হতাশার। আমি আশাবাদী যে কোলকাতায় দ্বিতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসার জন্য মরিয়া থাকবে গোটা দল।" আর সেজন্য বাকি বোলারদেরকে শোয়েব আখতারকে যোগ্য সহযোগিতা দেওয়ার আবেদন জানিয়েছেন আফ্রিদি। ভারতের দ্বিতীয় ইনিংসের চারটি উইকেটের সবকটিই নিয়েছেন শোয়েব। দানিশ কানেরিয়া ৫০ রান দিয়ে উইকেটশুন্য থেকেছেন। ব্যর্থ ছিলেন মোহাম্মদ সামিও। আফ্রিদি বলেছেন, "তারা চেষ্টা করেছে সত্যি, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটাই আসল। আমি অবাক হয়েছি এই উইকেটে কানেরিয়া আরো বেশি উইকেট পায়নি দেখে। আমার ধারণা রানআপ কমানোয় আগের মতো কার্যকর নেই ওর বোলিং। আগের বোলিং অ্যাকশনে ওর ফেরা উচিত কারণ তাতে অনেক বেশি ফ্লাইট এবং টার্ন পায় সে।" (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬২৫ঘ.