ঢাকা, ২৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটাই দেখেছে তিন তিনটি সেঞ্চুরি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বোধহয় শাহরিয়ার নাফীসের সেঞ্চুরিটা। বাজে ফর্মের কারণে নিউজিল্যান্ডগামী বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ পড়ার পরদিনই ঝলসে উঠলো বরিশালের এই ওপেনারের ব্যাট। মঙ্গলবার সেঞ্চুরি হয়েছে আরো দুটো। সিলেটের বিপক্ষে সেগুলো এসেছে রাজশাহীর ফরহাদ হোসেন এবং আনিসুর রহমান সঞ্চয়ের ব্যাট থেকে। তবে প্রথম দিনে থেকেই যে ম্যাচটা দেখতে খুলনায় গেছেন জেমি সিডন্স, সেই খুলনা-ঢাকা ম্যাচে সেঞ্চুরি হয়নি কোনো। সেখানে তিনটি ফিফটি দেখেছেন বাংলাদেশের নতুন কোচ।
খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করা স্বাগতিকরা দিনের শেষে খুব ভালো অবস্থায় অবশ্য নেই। ৭ উইকেটে ২৩৯ রান তাদের। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শাহরিয়ার নাফীসের সেঞ্চুরি সত্ত্বেও স্বাগতিকদের বিপক্ষে অলআউট হওয়ার পথে বরিশাল। ৯ উইকেটে ২৬৪ রান তুলে দিন শেষ করেছে তারা। তবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সেই তুলনায় ভালোই করেছে রাজশাহী। দুই সেঞ্চুরি তাদের ৫ উইকেটে পৌছে দিয়েছে ২৫৬ রানে।
টস হেরে ব্যাট করা রাজশাহী অবশ্য শুরুতে বিপদেই পড়েছিল। মাত্র ১৬ রানে দুই ওপেনার জহিরুল ইসলাম (২) ও জুনায়েদ সিদ্দিকীকে (৮) হারানোর পর হাল ধরেন ফরহাদ-আনিসুর জুটি। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ২০৫ রান। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে অবশ্য সেঞ্চুরি করা হয়ে গিয়েছিল ফরহাদের। ২৫২ বলে তার ১০৬ রানের ইনিংসটা সাজানো ছিল ১২টি বাউন্ডারি দিয়ে। পরে সেঞ্চুরি করা আনিসুরের ইনিংসেও ১২টি বাউন্ডারির মার। তাকেও আউট করতে পারেননি সিলেটের বোলাররা। তবে ১০২ রান করে আহত হয়ে অবসর নিয়েছেন তিনি।
বরিশালের ইনিংসটা 'ওয়ানম্যান শো'। অধিনায়ক শাহরিয়ার নাফীসের ১০৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান এসেছে রাইসুলের ব্যাট থেকে। হান্নান সরকার (১০), ইমরান আহমেদ (১২) ও রাকিবুল হাসানরা (২৪) ব্যর্থ হওয়ায় দলে ইনিংস একরকম একাই টেনেছেন নাফীস। দিনের শেষে বরিশালকে প্রায় অলআউটের কাছাকাছি নিয়ে যাওয়ায় সবচেয়ে বড় ভূমিকা চট্টগ্রামের দুই পেসার তারেক আজিজ ও কামরুল ইসলামের। দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। কামরুলের খরচ ৮৩ রান হলেও তারেকের আরেকটু কম, ৭৭।
ঘাঁড়ের ব্যথার জন্য বাংলাদেশ দলের নতুন ফিজিও ড্যারেন লিফসন হাবিবুল বাশারকে বিশ্রামে থাকতে বলেছেন। যে কারণে নিয়মিত অধিনায়ক হাবিবুলকে ছাড়াই ষষ্ঠ রাউন্ড খেলতে হচ্ছে খুলনাকে। তার অনুপস্থিতিতে খুলনাকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। দ্রুতই ওপেনার ইমরুল কায়েসের (১৩) উইকেট হারালেও অধিনায়কের টস জিতে ব্যাট করার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছেন অন্য ওপেনার নাজমুস সাদাত (৬১) ও মোস্তাফিজুর রহমান (৬২)। তাদের দ্বিতীয় উইকেট জুটি ভাঙ্গা ঢাকার বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল ৬৮ রানে নিয়েছেন ২ উইকেট। তবে ঢাকার সফলতম বোলার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার লেগস্পিনে ৫৬ রান খরচায় তুলে নিয়েছেন ইমরুল, মোস্তাফিজ এবং খুলনার হয়ে তৃতীয় ফিফটিটি করা তুষার ইমরানকেও (৫৪)। অন্য ভেন্যুগুলো থেকে সেঞ্চুরির খবর এলেও খুলনায় কেবল ফিফটি দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে সিডন্সকে!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.
bdnews24