২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটলা আবার ভরিয়ে দিল কুম্বলেকে

পুরষ্কার বিতরণী মঞ্চে অত্যন্ত হাসিখুশী ভারত অধিনায়ক। এবং তাতে অস্বাভাবিকতার কিছু নেই। সবকিছুই মনমতো হয়েছে। ফিরোজ শাহ কোটলা তাকে হাত ভরিয়ে দিয়েছে বরাবর। অধিনায়কত্বের অভিষেকেও নিরাশ করেনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়। আর তাতে দারুণ বোলিংয়ের পুরষ্কার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ। হাসবেনই তো কুম্বলে। বিপরীতে মুখভার শোয়েব মালিকের। পরাজিত অধিনায়কের বরাবরের সান্ত্বনা "আর কিছু রান পেলে দেখিয়ে দেওয়া যেত" বলে প্রবোধ দিচ্ছেন নিজেকে। সোমবার দিল্লী টেস্ট শেষে এই ছবিটাই বলে দিচ্ছে সব কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 10:26 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নয়াদিল্লী, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুরষ্কার বিতরণী মঞ্চে অত্যন্ত হাসিখুশী ভারত অধিনায়ক। এবং তাতে অস্বাভাবিকতার কিছু নেই। সবকিছুই মনমতো হয়েছে। ফিরোজ শাহ কোটলা তাকে হাত ভরিয়ে দিয়েছে বরাবর। অধিনায়কত্বের অভিষেকেও নিরাশ করেনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়। আর তাতে দারুণ বোলিংয়ের পুরষ্কার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ। হাসবেনই তো কুম্বলে। বিপরীতে মুখভার শোয়েব মালিকের। পরাজিত অধিনায়কের বরাবরের সান্ত্বনা "আর কিছু রান পেলে দেখিয়ে দেওয়া যেত" বলে প্রবোধ দিচ্ছেন নিজেকে। সোমবার দিল্লী টেস্ট শেষে এই ছবিটাই বলে দিচ্ছে সব কথা। জয়ের জন্য আর ৩২ রানের ঘাটতি নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল ভারত। ক্ষয়ক্ষতির তালিকায় শুধু সৌরভ গাঙুলীর উইকেট। আগের দিনের দুর্দান্ত ৪৮ রানের পর ফিফটিটা প্রাপ্যই ছিল ভারতের সাবেক অধিনায়কের। সেটা হতে দেননি শোয়েব আখতার। প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে পড়া চারটি উইকেটের সবক'টি নিয়ে দারুণভাবেই টেস্ট ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। তবে শচীন টেন্ডুলকারকে রোখা যায়নি। অপরাজিত ৫৬ রানের ইনিংস দিয়ে ভারতকে জিতিয়ে তবেই ফিরেছেন। কুম্বলের প্রশংসা জুড়ে ছিলেন তারা। এবং ভিভিএস লক্ষ্মণ এবং মহেন্দ্র সিং ধোনিও- তাদের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ের জন্য। কিন্তু সার্বিক কৃতজ্ঞতা গোটা দলকেই দিয়েছেন। বলেছেন, "একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আন্তরিকভাবে একাট্টা ছিল এই জয় পেতে।" মুদ্রার অন্যপিঠে ব্যাটিং ব্যর্থতাকেই দুষেছেন মালিক। পাকিস্তান অধিনায়কের রোষের তালিকায় ছিল প্রকৃতিও। যথেষ্ট রোদ না থাকায় লেগ স্পিনার দানিশ কানেরিয়া ঠিকভাবে জ্বলে উঠতে পারেননি বলে অনুযোগ তার। বলেছেন, "দ্বিতীয় ইনিংসে আমরা শখানেক রান কম করেছি। আর উইকেট রোদ পেলে ভিন্ন আচরণ করত। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত রোদের অভাব ছিল। যে কারণে ভারতের দ্বিতীয় ইনিংসে উইকেট ভাঙেনি।" তারপর যোগ করেছেন, "যে কোনো স্পিনারেরই তো ব্যাটসম্যানকে আউট করতে কিছু সময় লাগে।" আগের পাকিস্তানী দলগুলোর মতো তার দলে আগ্রাসী মনোভাব কম-এমন সমালোচনায়ও খুব খেপেছেন মালিক। তার প্রতিক্রিয়া, "আগ্রাসন বলুন আর আন্তরিকতা বলুন, সবই ছিল আমাদের। দ্বিতীয় ইনিংসে ৩০০ রান করতে পারলে দেখতেন ফলাফল অন্যরকম হতো।" কুম্বলে ব্যাটসম্যানদের স্তুুতি গেয়েছেন ঠিক। তবে তার প্রশংসা কয়েকলাইন বেশি বরাদ্দ ছিল বোলারদের জন্য, "এই ফলাফলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সুশৃংখল বোলিংয়ের।" আর তাতে নিজের অবদানও কম নয়। দু'ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন ১০৬ রান খরচায়। দুবারই পাকিস্তানের টপ-মিডল অর্ডারে ধ্বস নামিয়েছেন। এই ফিরোজ শাহ কোটলাতেই ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমতা আনতে সাহায্য করেছিলেন পুরো ১০ উইকেট নিয়ে। এবারও ম্যান অব দ্য ম্যাচ। লাজুক হেসে বলেছেন, "ভারতের অধিনায়ক হিসেবে শুরুতেই টেস্ট জেতা একটা বিশেষ অর্জন। তবে কোটলায় এলেই আমার চনমনে লাগে কারণ এখানে সবসময়ই ভালো করেছি আমি।" নেতৃত্বের সাফল্যের মন্ত্রগুপ্তিটাও জানিয়ে দিয়েছেন পাশাপাশি। ধীর গতির এই লো বাউন্স পিচে ছোট ছোট স্পেলে বোলারদের ব্যবহার করেছেন কুম্বলে। তার মতে, "যে চাপ আমরা ওদের ওপর সৃষ্টি করেছি তাতে হাঁসফাস অবস্থা হয়েছিল ওদের। সহজে কোনো রান পায়নি। গোটা টেস্টেই নিয়ন্ত্রণ ছিল আমাদের।" কিন্তু এখানেই শেষ নয়। বরং শুরু। ৩০ নভেম্বর কলকাতায় ফের মুখোমুখি হবে দু'দল। মালিকের প্রতিজ্ঞা, "শেষ দু'ম্যাচে ওদের দেখে নেবো।" কুম্বলে তা জানেন। বলেছেন, "এভাবে হারের পর দ্বিতীয় টেস্টে ওরা মরিয়া হয়ে ঝাপাবে। কিন্তু সেটা সামলানোর ক্ষমতা আমাদের ভালো মতোই আছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬২০ঘ.