২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে শুরু ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ

ক্রিকেট বিষয়ক কোনো আলোচনায় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের প্রসঙ্গ উঠলেই ভেসে ওঠে এক জন অদম্য ক্রিকেটারের মুখ। ১৯৯৯ সালের ৭ ফেব্র"য়ারি এই মাঠেই পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সবগুলো উইকেট শিকার করে ইতিহাসের অংশ হয়ে গেছেন অনিল কুম্বলে। বিস্ময়করভাবে দীর্ঘ ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটানোর পর টেস্টে ভারতকে প্রথম বারের মতো তিনি নেতৃত্ব দিতে নামছেন সেই কোটলায় এবং প্রতিপক্ষও একই --- পাকিস্তান! বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরুতে তাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কুম্বলে। >>তবু দিল্লী টেস্টে বসে থাকতে হবে যুবরাজক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নয়াদিল্লী, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট বিষয়ক কোনো আলোচনায় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের প্রসঙ্গ উঠলেই ভেসে ওঠে এক জন অদম্য ক্রিকেটারের মুখ। ১৯৯৯ সালের ৭ ফেব্র"য়ারি এই মাঠেই পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সবগুলো উইকেট শিকার করে ইতিহাসের অংশ হয়ে গেছেন অনিল কুম্বলে। বিস্ময়করভাবে দীর্ঘ ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটানোর পর টেস্টে ভারতকে প্রথম বারের মতো তিনি নেতৃত্ব দিতে নামছেন সেই কোটলায় এবং প্রতিপক্ষও একই --- পাকিস্তান! বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরুতে তাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কুম্বলে। ভারতের নতুন টেস্ট অধিনায়কও তা ভাল মতোই জানেন। এক ইনিংসে দশ উইকেট নিয়ে ইংল্যান্ডের অফস্পিনার জিম লেকারের (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া) অবিশ্বাস্য কীর্তির পুনরাবৃত্তি করা কুম্বলে এবারও ভাল পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী, "(ইনিংসে) ১০ উইকেট নেয়ার মতো অর্জন জীবনে এক বারই আসে। ব্যক্তিগতভাবে আমার জন্য এবং টিম ইন্ডিয়ার জন্যও দিল্লী দারুণ সাফল্যমন্ডিত এক মাঠ। আশা করি তা বজায় থাকবে। পাকিস্তানের বিপক্ষে ভাল একটা সূচনারই আশা করছি আমরা।" কথাটা পুরোপুরি সত্যি। কোটলায় এর আগে ২৮টি টেস্ট খেলে ৯টিতে জয় পেয়েছে ভারত, হেরেছে ৬টিতে আর বাকি ১৩টি ড্র হয়েছে। পাকিস্তানের বিপক্ষে রাজধানীতে তো তাদের দুর্দান্ত সাফল্য। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ৪টি টেস্টের মধ্যে দুটো জয় ও বাকি দুটো ড্র কোটলায় ভারতের রেকর্ডকে সমৃদ্ধই করেছে। দুটো জয়ের একটি ১৯৫২-র অক্টোবরে পাকিস্তানের অভিষেক টেস্টে। আর অন্যটা কুম্বলের কীর্তিধন্য প্রায় ৯ বছর আগের সেই ম্যাচে। তবে ৪০৯তম টেস্ট খেলতে নামা ভারতীয় শিবিরে হানা দিতে পারে দুটো সমস্যা। ইনজুরিতে পড়ায় দিল্লী টেস্টে খেলতে পারছেন না দুই পেসার রুদ্রপ্রতাপ সিং ও শান্তকুমারন শ্রীশান্ত। পেস আক্রমণের ঘাটতি মেটাতে মঙ্গলবার তড়িঘড়ি করে ডেকে পাঠানো হয়েছে মুনাফ প্যাটেলকে। অন্য সমস্যাটা অধিনায়কজনিত। রাহুল দ্রাবিড় নেতৃত্ব ছেড়ে দেয়ার পর নতুন টেস্ট অধিনায়ক হিসাবে শচীন টেন্ডুলকারের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল। কিন্তু ব্যাটিংয়ে মনযোগ দেয়ার জন্য 'লিটল চ্যাম্পিয়ন' তৃতীয় বারের মতো অধিনায়ক হতে রাজি না হওয়ায় দায়িত্বটা এসে পড়ে কুম্বলের কাঁধে। ভারতকে নেতৃত্ব দেয়া তার জন্য চাপ হবে কি না এমন আশঙ্কা অবশ্য উড়িয়েই দিয়েছেন তিনি, "আমি মনে করি না আমার ওপরে কোনো চাপ থাকবে। মাঠের মধ্যে আমি বোলিং নিয়ে চিন্তা করবো আর বল হাতে নেয়ার পর উইকেট নেয়ার কথা ভাববো। অন্যদের উজ্জীবিত করারও চেষ্টা করবো আমি। উইকেট নেয়া আর রান করাই তো আসল কথা। এত দিন খেলোয়াড় হিসাবে যে ভূমিকা পালন করেছি তা একই থাকবে। আমি মনে করি না এতে কোনো পরিবর্তন আসবে। (আন্তর্জাতিক ক্রিকেটে) প্রায় ১৭ বছর ধরে খেলছি। তাই ভাল মতোই জানি আমার কাছ থেকে কী আশা করা হয়।" অধিনায়কের অনভিজ্ঞতা পাকিস্তানের জন্যও বড় সমস্যা হতে পারে। অধিনায়ক হিসাবে এটা হবে শোয়েব মালিকের মাত্র তৃতীয় টেস্ট। কুম্বলের নেতৃত্ব পাওয়ার কথা শুনে পঞ্চম ওয়ানডে শেষে তাই তিনি বলতে পেরেছিলেন, "যেহেতু কুম্বলেও তার দায়িত্বে নতুন তাই দু দলই টেস্ট সিরিজে সমান্তরালে দাঁড়িয়ে।" পেস আক্রমণে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রাখতে হবে পাকিস্তানকে। ইনজুরি আসিফকে কেড়ে নিলেও শোয়েব-গুল-সামিদের নিয়ে গড়া পাকিস্তানের পেস আক্রমণ ভারতের জহির-মুনাফদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অবশ্য কোটলার উইকেট সাধারণত ব্যাটসম্যানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বলে ভারতের স্বস্তিতে থাকারই কথা। টেন্ডুলকার-দ্রাবিড়-সৌরভ-লক্ষ্মণদের চেয়ে ইউসুফ-ইউনিস-মালিকদের পিছিয়ে রাখতেই হবে। স্পিন আক্রমণেও ভারত কিছুটা এগিয়ে। হরভজন সিংকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘুর্ণিজাদুতে বিভ্রান্ত করার দায়িত্ব নেবেন শেন ওয়ার্ন (৭০৮) ও মুত্তিয়া মুরালিধরনের (৭০৪) পর টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কুম্বলে (৫৬৬)। একে তো মধুর স্মৃতিবিজড়িত কোটলা, তার ওপরে অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট। কুম্বলে নিশ্চয়ই বল হাতে নেয়ার জন্য মুখিয়ে আছেন! ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩৪ঘ.