২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাবুদের সেঞ্চুরিতে সিলেটের প্রতিরোধ, খুলনার দাপট অব্যাহত

ম্যাচটা তিনদিনেই শেষ হয়ে যায় কিনা, এমন সংশয়ই জাগাচ্ছিল সিলেটের ব্যাটিং ব্যর্থতা। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে গোলাম মাবুদের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ফলোঅনে পড়া সিলেট। আগের রাউন্ডের ওয়ানডেতেও সেঞ্চুরি করা মাবুদের ব্যাটে ভর করে তাদের দ্বিতীয় ইনিংস পৌছেছে ৩৩৯ রানে। তাতে চলতি জাতীয় লিগে চট্টগ্রামের প্রথম জয়ের স্বপ্ন অবশ্য বিলীন হয়নি। বুধবার শেষদিনে মাত্র ১৫৯ রান করলেই চলবে তাদের। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষায় আছেন স্বাগতিক দলের ফরহাদ রেজা। ৯৮ রানে অপরাজিত ফরহাদের সৌজন্যে ইতিমধ্যে ৩২২ রানের লিড নিয়ে ফেলেছে রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 04:13 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ম্যাচটা তিনদিনেই শেষ হয়ে যায় কিনা, এমন সংশয়ই জাগাচ্ছিল সিলেটের ব্যাটিং ব্যর্থতা। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে গোলাম মাবুদের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ফলোঅনে পড়া সিলেট। আগের রাউন্ডের ওয়ানডেতেও সেঞ্চুরি করা মাবুদের ব্যাটে ভর করে তাদের দ্বিতীয় ইনিংস পৌছেছে ৩৩৯ রানে। তাতে চলতি জাতীয় লিগে চট্টগ্রামের প্রথম জয়ের স্বপ্ন অবশ্য বিলীন হয়নি। বুধবার শেষদিনে মাত্র ১৫৯ রান করলেই চলবে তাদের। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষায় আছেন স্বাগতিক দলের ফরহাদ রেজা। ৯৮ রানে অপরাজিত ফরহাদের সৌজন্যে ইতিমধ্যে ৩২২ রানের লিড নিয়ে ফেলেছে রাজশাহী। শেষদিনে তিনশোর বেশি রান তাড়া করে জেতার ঘটনা এই লিগে অন্তত নেই। সুতরাং জিততে হলে ঢাকাকে অসাধ্যই সাধন করতে হবে। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে খুলনার জয় অবধারিত। বাঁ হাতি স্পিনার মুরাদ খানের ঘূর্নিজাদুতে ফলোঅনে পড়া বরিশাল নাকাল হচ্ছে দ্বিতীয় ইনিংসেও। ইনিংস হার এড়াতেই তাদের লাগবে আরো ৫৭ রান। অথচ হাতে উইকেট আছে মাত্র চারটি! প্রথম ইনিংস থেকে সর্বোচ্চ ৮ বোনাস পয়েন্ট তুলে নিয়েছে খুলনা। সেই সঙ্গে সরাসরি জয়ে মোট ১৬ পয়েন্ট যোগ করে চারদিনের ম্যাচের শীর্ষস্থান অটুট রাখার পথে তাদের অনেকখানি এগিয়ে দিয়েছে মুরাদের বোলিং। আগের রাউন্ডেই রাজশাহীর বিপক্ষে জাতীয় লিগ ইতিহাসের প্রথম হ্যাটট্টিকসহ চলতি আসরের সেরা বোলিং করেছিলেন খুলনারই ডলার মাহমুদ (৭/৫২)। মাত্র ২ রানের জন্য তাকে ছাড়িয়ে সেরা বোলিং কীর্তির মালিক হতে পারেননি মুরাদ। ৫৩ রানে ৭ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। ৫ উইকেটে ১৫৯ রান নিয়ে দিন শুরু করা বরিশালের প্রথম ইনিংস তাই শেষ হয়ে যায় ২০৬ এ। ফলোঅনে পড়া প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসেও আঘাত হেনেছেন মুরাদ (২/৩০)। একা রাকিবুল হাসানই (৫৭) যা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। দিনশেষে তাদের দ্বিতীয় ইনিংসের অবস্থা ৬ উইকেটে ১৩৩। শেষদিনে ইনিংস হার এড়ানোই (খুলনার প্রথম ইনিংস ৩৯৬ রানের) হবে বরিশালের লক্ষ্য। এই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা বিবেচনায় সেটাকেই তাদের সাফল্য বলে ধরা উচিত। তবে সিলেটের অবস্থা বরিশালের মতো নয়। তারা সফলই। ৪ উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা সিলেট (প্রথম ইনিংস ১২৭) গোলাম মাবুদের সেঞ্চুরিতে ইনিংস হারই এড়ায়নি শুধু। চট্টগ্রামকে (প্রথম ইনিংস ৩০৮) দিয়েছে দেড়শোর বেশি টার্গেটও। মুশফিকুর রহিম (৪৩) ছাড়াও এনামুল জুনিয়র (২৫), নাবিল সামাদ (৩৩) ও রাশেদুরদের (২২*) মতো টেল এন্ডারদের নিয়েই মাবুদ সাড়ে তিনশোর কাছাকাছি নিয়ে যান দলকে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করেছেন ১১০ রান। বোলিং থেকে প্রতিপক্ষের সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্ট ঠেকাতে ঢাকা আগেরদিনেই ৯ উইকেটে ২০৫ রানেই ইনিংস ঘোষণা করে দেয়। জবাবে রাজশাহীর (প্রথম ইনিংস ২৯৮) দ্বিতীয় ইনিংসকে একরকম একাই টানতে হয়েছে ফরহাদ রেজাকে। ঢাকার মাহবুবুল আলম রবীনের (৪/৪৭) দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকা রাজশাহী এখন আছে ফরহাদের সেঞ্চুরির অপেক্ষাতেও। তার ৯৮ রানের পর স্বাগতিকদের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন আনিসুর রহমান। এতেই স্পষ্ট রাজশাহীর দ্বিতীয় ইনিংস ফরহাদের ওপর কতোটা নির্ভর করে ছিল। ইতিমধ্যে ৩২২ রানের লিড হয়ে যাওয়ায় এই ম্যাচে তাদের হারের সম্ভাবনা নেই বললেই চলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.