হোবার্ট, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেঞ্চুরির আনন্দ ম্লান হয়ে গেছে দলের ব্যর্থতায়। মাহেলা জয়াবর্ধনে ক্ষুব্ধ হতেই পারেন। শ্রীলঙ্কা অধিনায়কের সেই ক্ষোভ ঝরে পড়ল দিন শেষের সংবাদ সম্মেলনে, "আমরা এখানে আসার আগে অনেক বড় বড় কথা বলেছি। কিন্তু খেলার মাঠে তার কোনো আভাস নেই। জয়ের জন্য দরকারি খিদেটাই দলের কারো মধ্যে দেখছি না।" রোববার হোবার্টে জয়াবর্ধনের ১০৪ রানের ইনিংসটিই শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৪৬ রানের মধ্যে জ্বলজ্বলে। বাকিটুকু পুরোটাই হতাশাজনক এক পুনরাবৃত্তি সফরকারীদের জন্য। ২৯৬ রানের লিড নিয়েও বোলারদের বিশ্রাম দিতে ফলোঅন করাননি অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১১১ রান তুলেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফিল জ্যাকস অপরাজিত আছেন ৫৩ রানে। তার সঙ্গী পন্টিংয়ের রান ৭। সব মিলিয়ে ৯ উইকেট হাতে নিয়ে ৪০৭ রানে এগিয়ে এখন অস্ট্রেলিয়া।
বিনা উইকেটে ৩০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। কিন্তু ব্রেট লির তোপের মুখে ঘণ্টাখানেকের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। মাইকেল ভ্যানডর্টের (১৪) মিডলস্টাম্প উপড়ে নিয়েছেন লি দারুণ এক ইয়র্কারে। এরপর মারভান আতাপাত্তু (২৫) গালিতে ক্যাচ দিয়েছেন মাইকেল ক্লার্ককে। লঙ্কান ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য পার্টনারশিপটির জন্ম এরপর। ইনজুরি থেকে সেরে উঠে এ ম্যাচে ফেরা কুমার সাঙ্গাকারা ৭৩ রানের জুটি গড়েছেন অধিনায়ক জয়াবর্ধনের সঙ্গে। ৪ রানের মাথায় গালিতে মাইকেল হাসি ও ১৩ রানে অ্যাডাম গিলক্রিস্টের হাতে জীবন পেয়ে শেষ পর্যন্ত ৫৭ রানে আউট হয়েছেন শ্রীলঙ্কান সহ-অধিনায়ক। লাঞ্চের ঠিক আগে মিশেল জনসনের বলে হাসি নিয়েছেন তার ক্যাচ।
এরপর একাই জয়াবর্ধনের লড়ে যাওয়া। অন্য দিকে লির সঙ্গে ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছেন স্টুয়ার্ট ম্যাকগিল ও স্টুয়ার্ট ক্লার্ক। সস্তায় উইকেট বিলিয়ে একে একে ফিরেছেন সনাৎ জয়াসুরিয়া (৩), চামারা সিলভা (২), প্রসন্ন জয়াবর্ধনে (০) ও লাসিথ মালিঙ্গা (১)। প্রথম দু'জন ম্যাকগিলের শিকার, পরের দু'জন ক্লার্কের। রানার নিয়ে ব্যাট করতে নামা ফারভিজ মাহারুফ সপ্তম উইকেটে ৩৩ রানের জুটি গড়ে হালকা প্রতিরোধ গড়েছিলেন। দূর্ভাগ্যজনক এক রানআউটে শেষ হয়েছে তার ইনিংস। সময়টায় সেঞ্চুরির জন্য দৃঢ় প্রতিজ্ঞ জয়াবর্ধনে লড়ে গেছেন। তবে সুযোগও দিয়েছেন যথেষ্ট। ১৪ রানের মাথায় ক্লার্কের সরাসরি থ্রো অল্পের জন্য মিস করেছে স্টাম্প। সত্তরের ঘরে দু'বার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন ভাগ্যক্রমে। শেষ পর্যন্ত আউট হয়েছেন তার ১৯তম সেঞ্চুরি করে। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন বলেই এটাকে এগিয়ে রাখছেন গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩৭৪ রানেরও ওপরে। জয়ার্বধনেকে আউট করে ম্যাচে তার চতুর্থ উইকেট নিয়েছেন লি। এজন্য ৮২ রান খরচ করেছেন ব্রিসবেনে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া এই ফাস্ট বোলার।
দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে আবারও ৮৩ রানের উদ্বোধনী জুটি। ম্যাথু হেইডেনকে (৩৩) এলবিডাব্লু করে শেন ওয়ার্নের আরো কাছাকাছি পৌঁছেছেন মুত্তিয়া মুরালিধরন। কিন্তু ইনিংস ঘোষণার অপেক্ষায় আছেন পন্টিং। তাই ওয়ার্নের উঠোনে ওয়ার্নকে ছোঁয়া সম্ভবত আর হচ্ছে না মুরালির।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৩০ঘ.
bdnews24