ব্রিসবেন, ২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্কোরবোর্ডে ১৪ রান উঠতেই তিন উইকেট নেই! সনাৎ জয়াসুরিয়া, মাইকেল ভ্যানডর্ট ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে তিন জনই কুইন্সল্যান্ডের পেসার অ্যাশলে নফকের শিকার। এই নফকের জন্যই অস্ট্রেলিয়া সফরে প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ভাল কাটেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। ধুকতে ধুকতে ৯ উইকেটে ২১০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা। ৯ উইকেটের ৫টিই নিয়েছেন নফকে, মাত্র ৩৬ রানের বিনিময়ে। তবে তিন দিনের ম্যাচটিতে ব্যাটসম্যানদের ব্যর্থতা পুষিয়ে দেয়ার ইঙ্গিত দিয়েছেন লাসিথ মালিঙ্গা ও ফারভিজ মাহরুফ। দু জনই দুটো করে উইকেট নেয়ায় দিনশেষে কুইন্সল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৬০ রান।
মিশেল জনসন প্রথম টেস্টের অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলেও শুক্রবার ব্রিসবেনের গ্যাবায় তেমন সুবিধা করে উঠতে পারেননি। এই বাঁহাতি পেসারের শিকার মাত্র এক উইকেট। তবে স্বাগতিকদের উইকেট পাওয়ার আনন্দ তাতে বাধাগ্রস্ত হতে পারেনি নফকের সৌজন্যে। জয়াসুরিয়া (১), ভ্যানডর্ট (৪) ও জয়াবর্ধনের (০) পর মাহরুফ (২০) ও চামিন্ডা ভাসের (১৩) উইকেটও নিয়েছেন তিনি। মারভান আতাপাত্তু (৪৮) ছাড়া শ্রীলঙ্কার আর কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান দুই অংক স্পর্শ করতে পারেননি। এক পর্যায়ে ১৩৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কানদের মুখরক্ষা করেছেন উইকেট কিপার প্রসন্ন জয়াবর্ধনে ও লেগস্পিনার মালিঙ্গা বান্দারা। দু জনের ৭১ রানের জুটির জন্যই দু শ' পেরোতে পেরেছে তারা। বান্দারা ৪৩ রান করে আউট হয়ে গেলেও প্রসন্ন অপরাজিত থেকে যান ৫৮ রানে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৬ঘ.
bdnews24