ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- হংকংয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও লড়াই করেছে বাংলাদেশ। রোববার কাওলুন ক্রিকেট ক্লাব মাঠে কোয়ার্টার ফাইনালে তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৬ রানে হেরে গেছে পাকিস্তানের কাছে।
আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৯৮ রান। জবাবে বাংলাদেশ ২ উইকেটে ৯২ রান তুলতে সক্ষম হয়। সর্বোচ্চ ৩১ রান করেছেন অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল।
এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল স্বাগতিকদের। সেই ম্যাচে হংকংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট পায় তারা। ওই ম্যাচে বাংলাদেশের জয় ৯ রানের। নির্ধারিত ৫ ওভারে ২ উইকেটে ৯৩ রান তোলে আশরাফুলের দল। এই ম্যাচেও হেসেছে অধিনায়কের ব্যাট। তিনি করেছেন ২৬ রান। তবে সর্বোচ্চ ৩১ রান এসেছে নাজমুল হোসেন মিলনের ব্যাট থেকে। ৯৪ রানের টার্গেট তাড়া করতে নামা হংকং নির্ধারিত ৫ ওভারে ৮৪ রানের বেশী তুলতে পারেনি।
এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ দলের সাত ক্রিকেটার মিস করেছেন নবম ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের চারদিনের ম্যাচগুলো। তবে ৩০ অক্টোবর ওয়ানডে ম্যাচগুলো তারা পাচ্ছেন। কারণ সোমবারই তাদের দেশে ফেরার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/বিআর/এমএ/১৫৪৬ ঘ.
bdnews24