২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও দর্শকদের অশোভন আচরনের কবলে সাইমন্ডস

সপ্তম ও শেষ ওয়ানডে শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা। ক্রিকেট থেকে বর্ণবাদকে দূরে সরিয়ে রাখার লক্ষ্যে এক যৌথ বিবৃতি দিলেন বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শারদ পাওয়ার ও ক্রিয়াগ ও' কনোর। অথচ সেই ম্যাচেই কি না অ্যান্ড্রু সাইমন্ডস বর্ণবাদের শিকার! গত সপ্তাহে বরোদায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ানডের মতো এবারও বাঁদরের ডাক দিয়ে তাকে উত্ত্যক্ত করেছে কয়েকজন দর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

মুম্বাই, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সপ্তম ও শেষ ওয়ানডে শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা। ক্রিকেট থেকে বর্ণবাদকে দূরে সরিয়ে রাখার লক্ষ্যে এক যৌথ বিবৃতি দিলেন বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শারদ পাওয়ার ও ক্রিয়াগ ও' কনোর। অথচ সেই ম্যাচেই কি না অ্যান্ড্রু সাইমন্ডস বর্ণবাদের শিকার! গত সপ্তাহে বরোদায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ানডের মতো এবারও বাঁদরের ডাক দিয়ে তাকে উত্ত্যক্ত করেছে কয়েকজন দর্শক। ন্যাক্কারজনক ঘটনাটা এক জন অস্ট্রেলীয় আলোকচিত্রীর ক্যামেরায় ধরাও পড়েছে। তবে এবার আর দুর্বৃত্তরা রেহাই পায়নি। এক জন মহিলাসহ চারজনকে সেদিন অর্থাৎ বুধবারই গ্রেপ্তার করে নিরাপত্তারক্ষীরা। পরে অবশ্য জামিন পেয়েছেন তারা। এই সিরিজে হরভজন সিং ও শ্রীশান্তের সঙ্গে মাঠে বেশ কয়েকবার কথার লড়াই হয়েছে সাইমন্ডসের। বিসিসিআই কর্মকর্তাদের ধারণা, দর্শকদের তার প্রতি অভব্য আচরণের সেটাই সবচেয়ে বড় কারণ। বুধবার প্রথম বলে আউট হলেও ক্রিজে যাওয়ার সময় এবং আউট হয়ে ফিরে আসার সময় সাইমন্ডসের উদ্দেশ্যে বাঁদরের মতো ডাক দিয়েছেন ঐ দর্শকরা। এ ধরণের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তিতে সাইমন্ডস সহ পুরো অস্ট্রেলিয়া দলই হতাশ। রিকি পন্টিং জানিয়েছেন, "দর্শকদের আচরণে অ্যান্ড্রু (সাইমন্ডস) ভীষণ আহত হয়েছে। যদিও আমাদের জানানো হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেগুলো সম্পূর্ণ ভাবে অগ্রহণযোগ্য। সে সব ঘটনা প্রত্যেকের মুখের মধ্যে এক ধরণের তিক্ত স্বাদের জন্ম দেয়। আমি নিশ্চিত ভারতের বহু মানুষ এই ঘটনায় বিব্রত বোধ করছে। যাহোক যা হবার হয়েছে। আশা করি শনিবার টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে এমন ঘটনা আর ঘটবে না।" বিসিসিআই-ও জানিয়েছে ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে দর্শকদের বিরূপ আচরণ রুখতে কড়া ব্যবস্থা নেয়া হবে। সিরিজে সাইমন্ডস দু-দুবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় অস্ট্রেলিয়া ভবিষ্যতে ভারত সফর বয়কট করতে পারে এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড গুঞ্জনটা উড়িয়ে দিয়ে বলেছেন, "আমার মনে হয় না এর কোনো ভিত্তি আছে। আইসিসির একটা বর্ণবাদ বিরোধী নীতি আছে। নিঃসন্দেহে আইসিসি ও বিসিসিআই এই ইস্যু নিয়ে চিন্তা-ভাবনা করবে। মুম্বাইয়ে শেষ ম্যাচে যা ঘটেছে তা খুবই হতাশাজনক। তবে কর্মকর্তারা সেই দর্শকদের মাঠ থেকে বের করে দিয়েছে। আমরা তাতে সন্তুষ্ট।'' ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫৫ঘ.