কলম্বো, ১৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফেভারিট হলেও শ্রীলঙ্কা সিরিজটা হাতছাড়া করে ফেলেছে চতুর্থ ম্যাচেই। সেই ম্যাচে জিতে ৩-১এ এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। শনিবার পঞ্চম ও শেষ ম্যাচটার তাই তেমন গুরুত্ব ছিল না কোনো দলের কাছে। তার পরও সান্ত্বনা পেতে পারে স্বাগতিকরা। ২১১ রানে অলআউট হয়েও তারা যে ১০৭ রানের বড় ব্যবধানে বিজয়ী! দিলহারা ফার্নান্দোর দুর্দান্ত বোলিংয়ে ২৯ দশমিক ১ ওভারে মাত্র ১০৪ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।
২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংলিশদের শুরুটা মোটেও ভাল হয়নি। চামিন্ডা ভাসের করা ইনিংসের তৃতীয় ওভারেই ফিল মুস্টার্ড (১) কট বিহাইন্ড। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর অ্যালিস্টার কুক ও ইয়ান বেল ভাল একটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু জুটিতে ২৯ রান ওঠার পর বেলকে (১১) মালিঙ্গার ক্যাচ বানিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করেন ফার্নান্দো। এর পর একে একে কুক (২৮), পল কলিংউড (২), ওয়েইস শাহ (৪), স্টুয়ার্ট ব্রড (১) ও রায়ান সাইডবটমকে (০) ফিরিয়েছেন তিনি। এরই ফাঁকে কেভিন পিটারসেনকে (২৮) বোল্ড করে ইংল্যান্ডের সব আশা শেষ করে দেন ভাস। ২৭ রানে ৬ উইকেট নেয়া ফার্নান্দোই প্রত্যাশিতভাবে ম্যাচের সেরা। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সাইডবটম।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সূচনা খারাপ হয়নি। সনাৎ জয়াসুরিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৭ ওভারেই ৪৫ রান পেয়ে যায় তারা। ১৮ বলে দুই ছক্কা ও এক বাউন্ডারিতে ২৬ রান করা জয়াসুরিয়াকে পিটারসেনের মুঠোবন্দী করে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন জেমস অ্যান্ডারসন। এর পর ইনিংসের চতুর্দশ ওভারে জোড়া আঘাত হেনেছেন সাইডবটম। অভিষিক্ত দিলরুয়ান পেরেরা (৩০) ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (০) সেই ওভারেই আউট।
কুমার সাঙ্গাকারাকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করছিলেন চামারা সিলভা। কিন্তু ২৬ রান করে সাঙ্গাকারা ওয়েইস শাহর বলে বোল্ড হওয়ার পর একাই লড়াই করেছেন তিনি। অন্য প্রান্তে ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলের মধ্যে তার ১০৯ বলে ৭৩ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংসটাই দু শ' রান পার করিয়েছে স্বাগতিকদের। শেষ পর্যন্ত চামারার প্রতিরোধ ভেঙ্গেছেন ব্রড, অ্যান্ডারসনের ক্যাচ বানিয়ে। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ব্রডই ইংল্যান্ডের সফলতম বোলার। সাইডবটম পেয়েছেন ২ উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২১০ঘ.
bdnews24