‘সাকিবের নেতৃত্ব অবিশ্বাস্য, তামিম-মাহমুদউল্লাহও তো খারাপ নয়’
বল হাতে তিনি বরাবরই দুর্দান্ত। কাটিয়ে উঠেছেন ব্যাট হাতে সাম্প্রতিক সময়ের ছন্দহীনতাও। তবে এই দুইয়ের চেয়েও সদ্য সমাপ্ত বিপিএলে সাকিব আল হাসান যেন বেশি দ্যুতিময় ছিলেন তার নেতৃত্বগুণে। মাঠে ছিলেন তৎপর, সব কিছুর সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ হতেই তাই সাকিবকে জাতীয় দলের নেতৃত্বে ফেরানোর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ অবশ্য বর্তমান অধিনায়কদের সরানোর কোনো কারণ দেখছেন না।
দুই দফায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে সাকিবের। ২০১৯ সালে ভারত সফরের আগে নিষিদ্ধ হওয়ার সময় তিনিই ছিলেন অধিনায়ক। এরপর থেকে তিন সংস্করণে তিন ভিন্ন অধিনায়কের কাঁধে চলছে বাংলাদেশ দল।
টেস্টের নেতৃত্বে আছেন মুমিনুল হক। নিউ জিল্যান্ডে ঐতিহাসিক জয়ের পর তাকে সরানোর প্রশ্নই উঠে না। তামিম ইকবালের নেতৃত্বে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ আছে খুব ভালো অবস্থানে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার আগে দেশের মাটিতে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। পরের বিশ্বকাপও কেবল ৮ মাস দূরত্বে।
তাহলে অধিনায়ক পরিবর্তনের কোনো সম্ভাবনা কি আছে?-মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এমন এক প্রশ্নের জবাবে বিষয়টি একরকম উড়িয়েই দিলেন মাহমুদ। দায়িত্ব দেওয়ার শুরুতে ওদেরকে লম্বা সময়ের প্রতিশ্রুতিও হয়তো দেওয়া হয়েছিল বলে মনে করেন তিনি।
“আপনি কীভাবে তামিমকে বঞ্চিত করবেন? তামিম যে খারাপ করছে তা তো না। সুপার লিগে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। তামিমের যে গেইম সেন্স নাই, তা তো না। তামিমের ক্রিকেট নলেজ খুবই ভালো।”
“মাহমুদউল্লাহ যে খারাপ অধিনায়ক, আপনি এটাও বলতে পারবেন না। আমাদের টি-টোয়েন্টি দল যেমন, আপনি মাহমুদউল্লাহর ওপর দোষ চাপিয়ে দিতে পারবেন না। সাকিবের মধ্যে কোথাও একটা এক্স ফ্যাক্টর আছে, জুয়া খেললে সেটাতে সফল হয়ে যায়। ওর মধ্যে যে ইতিবাচক দিক ও হিসেবের ব্যাপারগুলো থাকে এটা অসাধারণ।”
বিপিএলে মাত্র ১ রানে হেরে রানার্সআপ হওয়া ফরচুন বরিশালের কোচ ছিলেন মাহমুদ। এই দলেরই নেতৃত্বে ছিলেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডারের নেতৃত্বের কিছু দিক তার চোখে খুব ভালোভাবে পড়েছে।
“সাকিবের নেতৃত্ব আমরা জাতীয় দলে মিস করছি কি না? অবশ্যই। আমি মনে করি, সাকিব ভালো অধিনায়ক। তবে এখন যারা আছে তারা যে খারাপ তাও না। মাহমুদউল্লাহ অধিনায়ক হিসেবে ভালো। তামিমেরও ক্রিকেট নলেজ খুবই ভালো আছে। সাকিব হয়তো খুব ভালো করেছে।”
“এই টুর্নামেন্টটা তো আমি খুব কাছ থেকে দেখেছি, আমি জানি। বরিশালকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, ১৪৩-১৪৫ রান ডিফেন্ড করা সহজ কাজ নয়। আমরা সাত ম্যাচ এক টানা জিতেছি। একটা ম্যাচে দুইশ রান করেও হারতে গিয়েছিলাম, সেখানে (নাজমুল হোসেন) শান্তর একটা ওভার ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। কয়টা অধিনায়ক শান্তকে দিয়ে ওই সময়ে বোলিং করানোর এই সাহসটা পাবে? সাকিব ক্লাস অধিনায়ক।”
অধিনায়ক সাকিবের দ্যুতি চোখে পড়েছে বিসিবি প্রধান নাজমুল হাসানের চোখেও। বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে সাকিবকে নেতৃত্বে ফেরানো নিয়ে প্রশ্নে তিনি দেন কৌশলী উত্তর।
“বরিশালের সাফল্যের পেছনে ক্রিকেটারদের খেলা তো আছেই, আমি মনে করি সবচেয়ে প্রভাবক আমার চোখে যেটা পড়েছে, সেটা হচ্ছে সাকিবের অধিনায়কত্ব। অবিশ্বাস্য, অসাধারণ নেতৃত্ব ছিল।”
“সাকিবকে জাতীয় দলের অধিনায়ক করা হবে কি না? এটা এখন বলার সময় না। এটা এখন বলার প্রশ্নই ওঠে না। এখন আমাদের আরেকটা সিরিজ শুরু হচ্ছে।”
