অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করে সাকিবুল গনির বিশ্বরেকর্ড
একজন ব্যাটসম্যানের কাছে প্রতিটি ইনিংসই গুরুত্বপূর্ণ, তবে অভিষেক ইনিংস সম্ভবত এর পরও আলাদা একটা জায়গায় থাকে। সবাই চায় অভিষেকটা রাঙিয়ে রাখতে। সেটা যদি হয় বিশ্ব রেকর্ড গড়ে? এমন কিছু করে যেটা প্রথম শ্রেণির ক্রিকেটে গত আড়াইশ বছরে করে দেখাতে পারেননি কেউ? অনুভূতিটা ভালো জানবেন সাকিবুল গনি। এই সংস্করণে যে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটসম্যান।
ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বৃহস্পতিবার বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন গনি। মিজোরামের বিপক্ষে ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ে নেমে নিজের সামর্থ্য দেখিয়ে এগিয়ে যান তিনি। দ্বিতীয় দিন ৩৪১ রান করে শেষ হয় ২২ বছর বয়সী এই তরুণের ইনিংস।
প্রথম শ্রেণির ইতিহাসে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি এতোদিন ছিল আরেক ভারতীয় ক্রিকেটার অজয় রোহেরার। ২০১৮-১৯ মৌসুমে রঞ্জি ট্রফির ম্যাচেই মধ্য প্রদেশের হয়ে হায়দরাবাদের বিপক্ষে ২৬৭ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
গনির চমৎকার ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেট পেয়ে গেল অভিষেকে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানকে। তার ৪০৫ বলের ইনিংসটি সাজানো ৫৬ চার ও দুটি ছক্কায়। যে ম্যাচগুলির বাউন্ডারি সংখ্যার হিসাব রাখা হয়েছে, সেগুলোর মধ্যে অভিষেকে বাউন্ডারির বিশ্বরেকর্ডও গড়লেন গনি। আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার এরিক মার্ক্সের, ৩৯টি।
৭১ রানে ৩ উইকেট হারিয়ে যখন চাপে বিহার, উইকেটে যান গনি। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনই করেন সেঞ্চুরি। বাবুল কুমারকে নিয়ে দারুণ দৃঢ়তায় কাটিয়ে দেন দিনের বাকি অংশ। তাদের জুটিতে ৩২৫ রান নিয়ে দিন শেষ করে বিহার। গনি ১৩৬ ও বাবুল ১২৩ রানে থাকেন অপরাজিত।
দ্বিতীয় দিনও ছুটতে থাকেন গনি ও বাবুল। ডাবল সেঞ্চুরি ছুঁয়ে এগিয়ে যেতে থাকেন আরও সামনে। তাদের ব্যাটেই প্রথমবার কোনো অভিষিক্তকে নিয়ে প্রথম পাঁচশ ছোঁয়া জুটি দেখে প্রথম শ্রেণির ক্রিকেট।
একটুর জন্য আরেকটি বিশ্ব রেকর্ড করতে পারেননি তারা। ট্রিপল সেঞ্চুরি ছুঁয়ে গনি ফিরলে ভাঙে ৫৩৮ রানের জুটি। প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ উইকেটে যা তৃতীয় সর্বোচ্চ, রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয়।
১৯৪৬-৪৭ মৌসুমে ভারতের এই টুর্নামেন্টে চতুর্থ উইকেটে ৫৭৭ রানের জুটি গড়েন বিজয় হাজারে ও গুল মোহাম্মদ। প্রথম শ্রেণিতে যা এখনও এই উইকেটে জুটির বিশ্বরেকর্ড। দ্বিতীয়টি ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্টে, ১৯৪৫-৪৬ মৌসুমে বিখ্যাত থ্রি ডব্লিউর দুই জন ক্লাইড ওয়ালকট ও ফ্র্যাঙ্ক ওরেল গড়েন অবিচ্ছিন্ন ৩৭৪।
৫ উইকেটে ৬৮৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে বিহার। বাবুল তখন অপরাজিত ২২৯ রানের ইনিংস।
