'আইপিএল এলে চোটের ঝুঁকি নিতে চায় না ক্রিকেটাররা'
আইপিএল বদলে দিতে পারে যেকোনো ক্রিকেটারের জীবন। তাই এই টুর্নামেন্টে খেলার লক্ষ্যে অনেকেই স্বার্থপরতার আশ্রয় নেন বলে মনে করেন সুনিল গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়কের মতে, আইপিএলের আগ মুহূর্তে দেশের হয়ে মাঠে নামলেও চোটে পড়ার ভয়ে সর্বোচ্চটা দিতে চান না অনেকে।
প্রতিযোগিতাটিতে চড়া পারিশ্রমিকে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিছু ক্রিকেটারের জীবনে যা আর্থিক স্বচ্ছলতা এনে দেয়। স্বাভাবিকভাবেই তাই সুযোগটা হাতছাড়া করতে চায় না অনেকে। টুর্নামেন্টটিতে খেলার জন্য ফিট থাকাই তখন তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়।
আইপিএল শুরুর আগে আন্তর্জাতিক ম্যাচগুলোতে তাই চোটের ঝুঁকি এড়িয়ে চলতে চান ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি যেন ঠিকঠাক থাকে সেদিকেই মনোযোগী থাকেন তারা। টাইমস অব ইন্ডিয়ায় লেখা কলামে আইপিএলের আগে ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচে নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
“(আইপিএলের) নিলাম সব ক্রিকেটারের জন্য জীবন বদলে দেওয়া একটি মঞ্চ, যেহেতু এটা তাদের নিজেদের ও পরিবারের নিরাপদ ভবিষ্যতের দুয়ার খুলে যায়। এটাই কিছু ক্রিকেটারকে দেশের হয়ে খেলার সময় সর্বোচ্চ চেষ্টা করা থেকে বিরত রাখে। বিশেষ করে, যখন আইপিএল নিকটে থাকে।”
“তারা কেবল একটা বিষয় নিশ্চিত করতে চায় যেন আইপিএলে ফিট থাকার পথে কোনো চোট বাধা হয়ে না আসে এবং আইপিএলের চুক্তি যে (আর্থিক) নিরাপত্তা দেয় তা যেন নষ্ট না হয়ে যায়। তাই ঝাঁপিয়ে পড়া ও স্লাইড করা কিংবা বাউন্ডারি থেকে জোরে থ্রো করা থেকে তারা বিরত থাকে, কারণ এতে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে পড়ার ভয় কাজ করে তাদের মনে।”
আবার আইপিএল নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের ক্ষেত্রে বিষয়টা ভিন্নও হতে পারে বলে ধারনা গাভাস্কারের। সেক্ষেত্রে অনেকে তখন নিজেকে প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করেন বলে মনে করেন কিংবদন্তি এই ব্যাটসম্যান।
“যারা দুর্ভাগা তাদের জন্য এটা প্রমাণ করার সুযোগ যে, তাদেরকে না নিয়ে ভুল করেছে দলগুলো। আবার আইপিএলে অনেক ম্যাচ ও অনেক দল হওয়ার কারণে বদলি খেলোয়াড় হিসেবেও সেখানে ডাক পাওয়ার সবসময়ই একটা সুযোগ থাকে।”
