২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের বিশ্বকাপে বাড়ল প্রাইজমানি

নারী ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন সময়ে নানামুখী পদক্ষেপ নিচ্ছে আইসিসি। এবার ৫০ ওভারের বিশ্বকাপে প্রাইজমানি বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপের বিজয়ীরা পাবেন ১৩ লাখ ২০ হাজার ডলার। আগের আসরের চেয়ে যা দ্বিগুণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 06:23 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানিয়েছে আইসিসি।

চলতি বছর বৈশ্বিক আসরটি নিউ জিল্যান্ডের ছয়টি ভেন্যুতে আগামী ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলবে। আট দলের টুর্নামেন্টটি হবে রাউন্ড-রবিন পদ্ধতিতে, সেখান থেকে শীর্ষ চারটি দল খেলবে সেমি-ফাইনালে।

মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপের সবশেষ আসরটি হয়েছিল ২০১৭ সালে, সেবার ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।

আইসিসি জানিয়েছে, সামগ্রিকভাবে প্রাইজমানি ৭৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যার মধ্যে দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে ৩৫ লাখ ডলার। আগের আসরের থেকে যা ১৫ লাখ ডলার বেশি।

রানার্সআপ দল পাবে ৬ লাখ ডলার, ২০১৭ আসর থেকে যা দুই লাখ ৭০ হাজার ডলার বেশি।