বিদায়বেলায় ‘ক্ষমা চাইলেন’ ল্যাঙ্গার
কোচ হিসেবে তার কাজের ধরনে অতিরিক্ত ‘ইনটেন্স’ প্রকাশ পেয়ে থাকলে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। বোর্ডে পাঠানো পদত্যাগ পত্রে সাবেক এই ক্রিকেটার লিখেছেন, দায়িত্ব নেওয়ার সময় দলকে যে অবস্থায় পেয়েছিলেন, দলকে এর চেয়ে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন বলেই বিশ্বাস তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ও অ্যাশেজে দারুণ সাফল্যের পর লম্বা সময়ের নতুন চুক্তি করতে চেয়েছিলেন ল্যাঙ্গার। তবে বোর্ডের প্রস্তাব ছিল স্বল্প মেয়াদের চুক্তি। গত শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান কোচের পদে চুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর প্রস্তাব দেয়। পরদিন প্রধান নির্বাহী নিক হকলির কাছে মেইলে পদত্যাগপত্র পাঠান ল্যাঙ্গার। ওই পদত্যাগ পত্র হাতে পেয়েছে বলে দাবি করছে ‘দা অস্ট্রেলিয়ান’ পত্রিকাটি।
“মাথা উঁচু করে বিদায়ের সুযোগ দিতে গত রাতে আমাকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত মেয়াদের চুক্তির প্রস্তাব দেওয়া হয়। অনেক চিন্তা-ভাবনার পর আমি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেই। এখন যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের পরের অধ্যায় শুরু করাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।”
“গণমাধ্যমে আসা বিভিন্ন খবর সত্যি হলে বলা যায়, প্রধান কোচের পদে আমার থাকাটা কয়েকজন সিনিয়র ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সমর্থন করছে না। এখন এটাও পরিষ্কার যে, সিএ বোর্ড ও নিক তুমিও গভীরভাবে চাও দল এখন নতুন নেতৃত্বে (নতুন কোচের হাত ধরে) এগিয়ে যাক। আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। আমার জীবন গড়া সততার মূল্যবোধ, বিশ্বাস ও পারফরম্যান্সের ওপর। আর এগুলো বাস্তবায়ন করতে যদি কখনও বাড়াবাড়ি করে থাকি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি।”
২০১৮ সালে বল-টেম্পারিং কাণ্ডে ওই সময়ের টালমাটাল অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন সাবেক ওপেনার ল্যাঙ্গার। মাঝে কঠিন সময় কাটালেও শেষটা হয়েছে দারুণ, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ এ ধরাশায়ী করে অস্ট্রেলিয়া। তবে বরাবরই তার কোচিং স্টাইল নিয়ে নিয়ে খেলোয়াড়দের অসন্তোষের খবর শোনা যাচ্ছিল।
দা অস্ট্রেলিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন বলেন বিশ্বাস করেন ল্যাঙ্গার।
“প্রথম দিন থেকে আমি বিশ্বাস করেছি, একই সঙ্গে জয়ের জন্য এবং আমাদের ভক্তরা যেমনটা এখন আশা করে তেমন স্পিরিট নিয়ে ম্যাচ খেলা সম্ভব। গত চার বছরে এটা প্রমাণিত হয়েছে যে এই লক্ষ্য পূরণ করা সম্ভব। মাঠে ও মাঠের বাইরে দলের প্রচেষ্টার জন্য আমি গর্বিত। আশা করি, আমরা অস্ট্রেলিয়ানদের গর্বিত করতে পেরেছি এবং বিশ্বের সব দেশের সম্মান অর্জন করতে পেরেছি।”
“আমি কৃতজ্ঞ যে আজ মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। আশা করি, ভালো কাজ করেছি এবং ভবিষ্যতে দলের জন্য সাফল্য কামনা করছি।”
