২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবাদত-তাসকিনদের লেংথ নিয়ন্ত্রণ করতে বললেন কোচ

দিন জুড়ে বারবার লেংথ হারালেন বোলাররা, যার মাশুল দিতে হলো রান গুণে। কখনও বেশি শর্ট, কখনও বেশি ফুল লেংথ ডেলিভারি দিয়ে হজম করতে হলো বাউন্ডারি। দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াতে তাসকিন-শরিফুল-ইবাদতদের করণীয় ওটিস গিবসনের কাছে পরিষ্কার। বাংলাদেশের পেস বোলিং কোচ মনে করেন, লেংথ নিয়ন্ত্রণ করতে হবে তাদের। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 05:30 PM

Updated : 28 Apr 2022, 11:25 PM

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের খেলা শেষে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ৩৪৯। টম ল‍্যাথাম খেলছেন ১৮৬ রান নিয়ে, ডেভন কনওয়ে অপরাজিত ৯৯ রানে।

দ্বিতীয় দিন স্বাগতিকদের সামনে রানের পাহাড় গড়ার সুযোগ। বাংলাদেশের সামনে চ‍্যালেঞ্জ তাদের যতটা সম্ভব কম রানে থামানো। এর জন‍্য প্রথম দিনের খেলা থেকে বোলারদের শেখার তাগিদ দিলেন গিবসন।

“আজকের (বোলিং) থেকে শিখতে হবে আমাদের। আজকে আমরা বাউন্ডারি বল বেশি করেছি, অফ স্টাম্পের অনেক বাইরে বল বেশি করেছি। আমরা লেংথ মিস করেছি কোথায়? হয় আমরা শর্ট বল করেছি এবং কাট শট হজম করেছি অথবা বেশি ফুল করেছি, ওরা ড্রাইভ করেছে। দুটির একটি করা যায়, দুটিই করা যায় না।”

“নিউ জিল্যান্ডকে ডাউন দা গ্রাউন্ড ও উইকেটের উভয় পাশেই স্কোর করার সুযোগ দিয়েছি। আমরা সবসময় লেংথ নিয়ন্ত্রণ করা নিয়ে কথা বলেছি। আমার মন্ত্র হলো, লেংথ নিয়ন্ত্রণ করতে না পারলে স্কোরিং বাগে রাখা যায় না। আজকে আমরা চাপ তৈরি করার মতো লেংথ নিয়ন্ত্রণ যথেষ্ট করতে পারিনি। কালকের জন্য এটি অবশ্যই শিখতে হবে। আশা করি, সবাইকে তরতাজা পাব। আজকে ওদের অনেক খাটুনি গেছে। দেখা যাক, আজকের চেয়ে পারফরম্যান্সে উন্নতি করতে পারি কিনা।”

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও তাকিয়ে আছেন পারফরম‍্যান্সের উন্নতির দিকে। দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি জানান পরের দিন ভালো খেলার আশাবাদ।

“সত্যি বলতে, দিনটি আমাদের জন্য ভালো ছিল না। তবে সবমিলিয়ে কৃতিত্ব দিতে হবে টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে। তারা খুব ভালো ব্যাট করেছে। ছেলেরা, বিশেষ করে ফাস্ট বোলাররা শতভাগ দিয়েছে, স্পিনাররাও। আমি নিশ্চিত, এই ছেলেরা কালকে ঘুরে দাঁড়াবে এবং তারা নিজেদের সেরাটা দেখাবে।