‘শেবাগের চেয়েও প্রতিভাবান ছিল ইমরান নাজির’
পরিসংখ্যান-রেকর্ড, প্রভাব বা পারফরম্যান্স, কোনো দিক থেকেই বিরেন্দর শেবাগের সঙ্গে কোনো তুলনা চলে না ইমরান নাজিরের। তবে শোয়েব আখতারের বিশ্বাস, শেবাগের চেয়েও প্রতিভাবান ছিলেন নাজির! সাবেক পাকিস্তানি ফাস্ট বোলারের মতে, ওই দুজনের পার্থক্য ছিল কেবল মানসিকতায়।
একটা জায়গায় অবশ্য শেবাগ ও নাজিরের মিল ছিল, দুজনই ছিলেন আগ্রাসী ব্যাটসম্যান। তবে আগ্রাসন দিয়েই ক্রিকেটের চিরায়ত ধারা বদলে দিয়েছিলেন শেবাগ। সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ছিলেন তো বটেও, টেস্টেও নিজস্ব ঘরানার ব্যাটিংয়ে এক রকমের বিপ্লবের জন্ম দিয়েছিলেন তিনি। অনেক রেকর্ড যেমন গড়েছেন, তেমনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরা হিসেবে। নাজির সেই উচ্চতার কাছাকাছি যাওয়াও তো বহুদূর, নিজের আলাদা কোনো জায়গাও গড়ে নিতে পারেননি।
কিন্তু বিবেচনায় যখন প্রতিভা, শোয়েব এগিয়ে রাখছেন নাজিরকেই।
“ আমার মনে হয় না, ইমরান নাজির যতটা প্রতিভাবান ছিল, শেবাগ ততটা ছিল। তবে শেবাগের মতো মস্তিষ্ক ইমরান নাজিরের ছিল না। কিন্তু প্রতিভার দিক থেকে কোনো তুলনাই চলে না।”
১৯৯৯ সালের মার্চে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন নাজির। চটকদার সব শট, আগ্রাসী মানসিকতা আর দুর্দান্ত ফিল্ডিং দিয়ে নজর কেড়েছিলেন দ্রুতই। তবে শট নির্বাচনে দুর্বলতা, দারুণ শুরুর পরও বাজে শটে বারবার আউট হওয়া আর ইনিংস বড় করতে না পারা মিলিয়ে দলে জায়গা থিতু করতে পেরেছেন সামান্যই। সম্ভাবনাময় ক্যারিয়ার তাই শেষ হয়ে গেছে ৮ টেস্ট, ৭৯ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলে।
শোয়েব অবশ্য নাজিরের পাশাপাশি দায় দেখছেন পাকিস্তানের বোর্ড ও ম্যানেজমেন্টেরও।
“ ভারতের বিপক্ষে একটি ম্যাচে (প্রস্তুতি ম্যাচ) বিধ্বংসী এক সেঞ্চুরির পর আমি বলেছিলাম, ইমরান নাজিরকে একটু ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হোক। কিন্তু তারা শোনেনি।”
“এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা জানি না নিজেদের সম্পদের যত্ন কীভাবে নিতে হয়। নাজিরকে দিয়ে আমরা শেবাগের চেয়েও ভালো ব্যাটসম্যান পেতে পারতাম। তার হাতে সব ধরণের শট ছিল। ফিল্ডিংও ছিল দারুণ। আমরা তাকে দারুণভাবে কাজে লাগাতে পারতাম, কিন্তু তা পারিনি।”
