২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ে শুরু শ্রীলঙ্কার

বোলারদের দাপটে ছোট লক্ষ্য পাওয়া শ্রীলঙ্কা পেয়েছে অনায়াস জয়। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 07:59 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪১ ওভার ৩ বলে ১৫৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৪ ওভার ৩ বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

মূল খেলোয়াড়দের অনেকেই অনুপস্থিত। অ্যাঞ্জেলো ম্যাথিউসের চোটে দলকে নেতৃত্ব দিচ্ছেন উপুল থারাঙ্গা। নতুন চেহারার দলটির সঙ্গে লড়াইও করতে পারেনি স্বাগতিকরা।

ছোটো লক্ষ্য তাড়ায় কুশল পেরেরার সঙ্গে ধনাঞ্জয়া ডি সিলভার ৫৬ রানের জুটি ভালো সূচনা এনে দেয় শ্রীলঙ্কাকে। দ্বিতীয় উইকেটে নিরোশান ডিকভেলার সঙ্গে ডি সিলভার ৮৪ রানের জুটিতে জয়ের কাছে চলে যায় অতিথিরা।

৩৮ বলে ৬টি চারে ৪১ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডিকভেলা।

কুশল মেন্ডিসকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন ডি সিলভা। ৭৫ বলে ১২টি চারে ৭৮ রানে অপরাজিত থাকেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ওয়ানডেতে এটাই তার সর্বোচ্চ। আগের সেরা ছিল ৭৬ রান।

চিরচেনা মাঠে স্বাগতিক ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। উইকেট থেকে কিছুটা সহায়তা পাওয়া লঙ্কান পেসাররা কাঁপিয়ে দেন তাদের। ৫০ রানের মধ্যে ফিরে যান ছয় ব্যাটসম্যান।

একশ’ রানের নিচে অলআউটের শঙ্কায় পড়া জিম্বাবুয়ে দেড়শ’ পর্যন্ত যায় পিটার মুর, গ্রায়েম ক্রেমারের দৃঢ়তায়। ৫২ বলে ৪টি ছক্কা ও একটি চারে সর্বোচ্চ ৪৭ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুর। ৩১ রানে অপাজিত থাকেন অধিনায়ক ক্রেমার।

২১ রানে তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার অভিষিক্ত আসেলা গুনারত্নে। দুটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদিপ ও নুয়ান কুলাসেকারা। তাদের দাপুটে বোলিংয়ের পর জয়ের জন্য সত্যিকার অর্থে কোনো পরীক্ষাই দিতে হয়নি লঙ্কান ব্যাটসম্যানদের।   

আগামী বুধবার প্রতিযোগিতার তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৪১.৩ ওভারে ১৫৪ (চারি ৭, চিবাবা ১৮, আরভিন ০, রাজা ১, উইলিয়ামস ৯, মুর ৪৭, চিগুম্বুরা ১, ক্রেমার ৩১*, টিরিপানো ১৯, মামবা ১, পানিয়াঙ্গরা ১২; কুলাসেকারা ২/২৩, লাকমল ২/১৯, পাথিরানা ১/৪৪, প্রদিপ ২/২১, জয়াসুরিয়া ০/২৪, গুনারত্নে ৩/২১)

শ্রীলঙ্কা: ২৪.৩ ওভারে ১৫৫/২ (ডি সিলভা ৭৮*, পেরেরা ২১, ডিকভেলা ৪১, মেন্ডিস ১২*; পানিয়াঙ্গারা ১/৩৭, মামবা ০/৩১, টিরিপানো ০/১৭, চিবাবা ১/১৮, রাজা ০/২৫, ক্রেমার ০/২৫)

ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ধনাঞ্জয়া ডি সিলভা