ব্যাটসম্যানদের এগিয়ে আসার তাগিদ ভারতের
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ত্রাতা ছিলেন বিরাট কোহলি। ভারতের প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে রানে আছেন একমাত্র তিনিই। সব সময়ও তো আর তিনি পারবেন না, তাই অন্য ব্যাটসম্যানদেরও এগিয়ে আসার তাগিদ দিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ভারতকে ভালো সূচনা এনে দিতে ব্যর্থ হচ্ছেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। টুর্নামেন্টে তাদের চারটি উদ্বোধনী জুটি এমন- ৫, ১৪, ৪২ ও ২৩। তাদের বাজে সূচনায় বাড়তি চাপ নিতে হচ্ছে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের।
বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও ছন্দ খুঁজে পাচ্ছেন না টুর্নামেন্টে। ১, ০, ৩০ ও ১০ রানের চারটি ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
গোড়ালির চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে যুবরাজ সিংয়ের। তার জায়গা দলে আসা মনিশ পান্ডে খেলতে পারেন সেমি-ফাইনালে। কিংবা একাদশে দেখা যেতে পারে অজিঙ্কা রাহানেকে।
অস্ট্রেলিয়াকে হারানোর পরই ধোনি সতীর্থদের বলেন, “আপনি কেবল একজন ব্যাটসম্যানের ওপর নির্ভর করতে পারেন না। অন্যদেরও অবদান রাখতে হবে। টপ ও মিডল অর্ডারে আমরা যদি আরেকটু বেশি করতে পারি, তাহলে আমরা আরেকটু কম চাপ অনুভব করব।”
ভারত দলের পরিচালক রবি শাস্ত্রি মনে করেন, টুর্নামেন্টে তার দল সামর্থ্যের ৭০ শতাংশ খেলতে পারছে, “ সেমি-ফাইনালের মতো বড় ম্যাচে আপনাকে পারফরম করতে হবে। টুর্নামেন্টে আমাদের আরও ৩০ শতাংশ উন্নতির সুযোগ রয়েছে।”
“আপনি একজন বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভর করতে পারেন না। আপনার ছয়-সাতজন খেলোয়াড়কে এগিয়ে আসতে হবে। এই টুর্নামেন্টে সেটা ঘটেনি। আশা করি, কাল সেটা শুরু হবে।”
ক্রিস গেইলের মতো বিস্ফোরক ব্যাটসম্যান আছে ওয়েস্ট ইন্ডিজের। মার্লন স্যামুয়েলসরা, রাসেল, ড্যারেন স্যামিরাও পারেন ভারতের উৎসব মাটি করতে। সেটা মানছেন সাবেক অলরাউন্ডার শাস্ত্রিও।
“ওরা এই ফরম্যাটে সবচেয়ে ভয়ঙ্কর দলের একটি। ওদের বিস্ফোরক খেলোয়াড় আছে। ওদের ম্যাচ উইনার আছে। তাই আমরা জানি, আমাদের বিপক্ষে কি আছে।”
ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যানদের ঠেকাতে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। তবে আশিস নেহরা, জাসপ্রিত বুমরাহদের রাখতে হবে গুরুত্বপূর্ণ অবদান।
