২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানজামুলের ৬ উইকেট, শান্তর শতক

সানজামুল ইসলামের দারুণ বোলিংয়ের পর নাজমুল হোসেন শান্তর শতকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে লড়ছে দক্ষিণাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 08:24 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে ৪ উইকেটে ২৪৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। এদিন ৯৪ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় দলটি।
 
দিনের শুরুতেই তাইবুর রহমানকে ফিরিয়ে দেন সানজামুল। এরপর প্রায় একার লড়াইয়ে দলকে সাড়ে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যান তুষার ইমরান। নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৯৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি।  
 
১১৬ রানে ৬ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা বোলার সানজামুল ইসলাম। 
 
জবাবে দিন শেষে ৩ উইকেটে ২৩৭ রান করে উত্তরাঞ্চল। শান্ত ১০৫ ও নাঈম ইসলাম ৪৬ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়েছেন এই দুই জনে। ১৭৭ বলে খেলা শান্তর চমৎকার ইনিংসটি ১৩টি চারে গড়া।
 
৪৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণাঞ্চল ৭ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। তৃতীয় উইকেটে শান্তর সঙ্গে জহুরুল ইসলামের ১৬৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ে দক্ষিণাঞ্চল। 
 
জহুরুলকে (৭৪) ফিরিয়ে ৪০.৫ ওভার স্থায়ী জুটি ভাঙেন তাইবুর। 
 
৭ উইকেট হাতে নিয়ে ১৯২ রানে এগিয়ে রয়েছে দক্ষিণাঞ্চল।
 
মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল
 
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেটে ১৪২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। অলক কাপালী (৭৩) ও ইয়াসির আলীর (৫৯) দুটি অর্ধশতকে ৭ উইকেটে ৩৭৬ রানে দিন শেষ করে দলটি।
 
এখনও ২১২ রানে পিছিয়ে থাকা পূর্বাঞ্চল ব্যবধান কমাতে তাকিয়ে আছে মোহাম্মদ সাইফুদ্দিনের দিকে। ৪৫ রানে ব্যাট করছেন এই অলরাউন্ডার। তার সঙ্গে ১৩ রানে ব্যাট করছেন কামরুল ইসলাম রাব্বি।