২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জেতা ম্যাচে রোহিতের শাস্তি

অস্ট্রেলিয়ার বিপেক্ষ সিরিজের পঞ্চম ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তিরস্কার করা হয়েছে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 12:22 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

সোমবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিজ্ঞপ্তিতে রোহিতের এই শাস্তির কথা জানায়।

গত শনিবার সিডনিতে সিরিজের শেষ ম্যাচে রোহিত ৯৯ রানে জন হেস্টিংসের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন। আম্পায়ার আঙুল তুললে কিছুক্ষণ দাঁড়িয়ে অসন্তোষ দেখিয়ে ক্রিজ ছাড়েন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান। শেষ পর্যন্ত সেই ম্যাচ ৬ উইকেটে জিতে হোয়াইটওয়াশ হওয়া এড়ায় ভারত।

আইসিসির আচরণবিধি ভাঙায় লেভেল ওয়ানের অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি ‘তিরস্কার’ পেয়েই রেহাই পেলেন রোহিত। প্রথমবারের মতো এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা।

রোহিতের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো, পল উইলসন, তৃতীয় আম্পায়ার জন ওয়ার্ড ও চতুর্থ আম্পায়ার জেরার্ড অ্যাবড। ম্যাচ শেষে রোহিত নিজের দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।