নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন ইয়াসির
নিষিদ্ধ উপাদান নেওয়ায় আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ।
পিসিবির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে জানায়, বোর্ডের মাধ্যমে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইয়াসির।
গত ১৩ নভেম্বর আবু ধাবিতে পাকিস্তান-ইংল্যান্ডের ওয়ানডে চলার সময় ইয়াসিরের ডোপ টেস্ট করা হয়েছিল। সেই নমুনায় তার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। ওই সিরিজ শেষে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলে গেছেন তিনি।
পরে গত ২৭ ডিসেম্বর ২৯ বছর বয়সী এই লেগস্পিনারকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। আইসিসি অ্যান্টি-ডোপিং বিধি অনুযায়ী পরের প্রক্রিয়াগুলো শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হবে ইয়াসিরকে।
গত এক বছরে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মূল অস্ত্র ছিলেন এই লেগ স্পিনার। ২০১৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর মাত্র ১২ টেস্টেই নিয়েছেন ৭৬ উইকেট। ক্রিকেট বিশ্বজুড়ে দারুণভাবে প্রশংসিত হন তিনি ধ্রুপদি লেগ স্পিন ফিরিয়ে এনে।
