২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মেহেদির

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরের ব্যর্থতা ভুলতে এবার শিরোপা জিততে চান বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:26 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

গত আসরেও বাংলাদেশের নেতৃত্বে ছিলেন মেহেদি। আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া বিশ্বকাপেও নেতৃত্ব থাকছে এই অলরাউন্ডারের কাঁধে। 
 
সংযুক্ত আরব আমিরাতে ২০১৪ বিশ্বকাপে রান রেটে অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পেছনে পড়ায় কাপ পর্বে খেলতে পারেনি বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত প্লেট শিরোপা জিতে মেহেদির দল। 
 
প্রথম সুযোগে পারেননি, শেষ সুযোগ কাজে লাগাতে চান মেহেদি।
 
“গত বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে পারিনি। কিন্তু এবার খেলব দেশের মাটিতে, তাই আমাদের আশা অনেক বেশি।” 
 
মেহেদির প্রথম লক্ষ্য কাপ পর্ব নিশ্চিত করা। ‘এ’ গ্রুপে শিরোপাধারী দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া স্বাগতিকদের সঙ্গী।  
 
“দেশের মাটিতে বিশ্বকাপে আমাদের সুযোগ রয়েছে কাপে খেলার। তাই চ্যাম্পিয়ন হবার একটা স্বপ্নও জাগছে।” 
 
গত বিশ্বকাপের পরপরই পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। লম্বা সময় নিয়ে প্রস্তুতি নেওয়ায় স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী মেহেদি।
 
“গত দুই বছর আমরা অনেক অনুশীলন, কষ্ট করেছি। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে আশা করি, এবার ভালো কিছুই হবে।” 
 
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে।