প্রশ্নবিদ্ধ ধাওয়ানের বোলিং অ্যাকশন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত দিল্লি টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছে শিখর ধাওয়ানের বোলিং অ্যাকশন।
মূলত উদ্বোধনী ব্যাটসম্যান হলেও মাঝে মধ্যে হাত ঘোরান ধাওয়ান। বাঁহাতি ওপেনার বোলিংয়ে ডানহাতি অফ স্পিনার। দিল্লি টেস্টে প্রোটিয়া ব্যাটসম্যানদের ক্রমাগত ঠেকিয়ে যাওয়ার সময় ধাওয়ানকে দিয়ে ৩ ওভার বোলিং করিয়েছিলেন বিরাট কোহলি।
ওই ৩ ওভারেই ধাওয়ানের অ্যাকশন নিয়ে সন্দেহ জেগেছে আম্পায়ারদের। নিয়ম অনুযায়ী এখন ১৪ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানকে।
চাইলে অবশ্য এই ঝামেলায় নাও যেতে পারেন ধাওয়ান। বোলিংটা তো তার এমন জরুরি কিছু নয়! ১৯ টেস্টে সব মিলিয়ে ৯ ওভার বোলিং করেছেন। ৬৯ ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলে বল হাতে নেননি একবারও।
