টেইলের রেকর্ডের পর স্মিথ-ভোজেসের শতক
ট্রিপল সেঞ্চুরি করতে না পারলেও ১১২ বছর পুরোনো রেকর্ড ভেঙেছেন রস টেইলর। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া জবাব দিয়েছে স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেসের জোড়া শতকে।
অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ ছাপিয়ে ৬৫ রানের লিড নিয়েছিল নিউ জিল্যান্ড। স্মিথ-ভোজেসের দ্বিশতক জুটিতে আবার বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে ২৫৮ রান নিয়ে পার্থ টেস্টের চতুর্থ দিন শেষ করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে লিড ১৯৩ রানের।
দ্বিতীয় ইনিংসে বল হাতে নিউ জিল্যান্ডের শুরুটা ছিল দারুণ। জো বার্নসকে রানের খাতা খোলার আগে ফিরিয়ে দেন টিম সাউদি। প্রথম ইনিংসে ২৫৩ রান করা ডেভিড ওয়ার্নারকে এবার ২৪ রানেই ফেরান ট্রেন্ট বোল্ট।
স্কোরকার্ডে ২ উইকেটে ৪৬ থাকলেও আসলে ছিল ৩ উইকেট, চোটের কারণে এই টেস্ট তো বটেই, পরের দুই টেস্টও খেলতে পারবেন না উসমান খাওয়াজা। পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার তাই শঙ্কার জায়গা ছিলই; কিন্তু সব উধাও স্মিথ-ভোজেসের ব্যাটে।
ব্যাটিং স্বর্গে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছেন দুজনই। স্মিথ শতক ছুঁয়েছেন ১৪০ বলে। ৩৫ টেস্টে এটি তার ১২তম সেঞ্চুরি, তবে দ্বিতীয় ইনিংসে এই প্রথম!
সেই ১৯৮৬ সালের নভেম্বরে অ্যালান বোর্ডারের পর এই প্রথম ওয়াকা দেখল অস্ট্রেলিয়ান অধিনায়কের শতক। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ করেছিলেন বোর্ডার।
ভোজেস শতক ছুঁয়েছেন নিজের খেলা দিনের শেষ বলে চার মেরে। গত বছর টেস্ট অভিষেকে করেছিলেন শতক। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান নবম টেস্টে এসে দেখা পেলেন দ্বিতীয় শতকের।
১০১ রানে অপরাজিত ভোজেস, দিনের শেষ ওভারেও টানা তিন চার মেরে স্মিথ অপরাজিত ১৩১ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২১২ রানের।
সকালে ২৩৫ রান নিয়ে দিন শুরু করেছিলেন টেইলর। এগিয়ে যাচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকেও। শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট যখন উইকেটে যান, টেইলরের রান ছিল ২৭৭। বোল্ট খেলছিলেন আস্থার সঙ্গেই, তবে নাথান লায়নকে উড়িয়ে মারতে গিয়ে টেইলর আউট ২৯০ রানে।
অস্ট্রেলিয়ার মাটিতে এটাই সফরকারী ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। আগের সেরা ২৮৭ ছিল ইংল্যান্ডের টিপ ফস্টারের, ১৯০৩ সালের নভেম্বরে!
প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড অলআউট হয় ৬২৪ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই তাদের প্রথম ৬০০ রানের স্কোর।
