২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম

এবারের বিপিএলে চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। নিজ শহরের দলের জন্য মাঠে শতভাগ উজার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 11:14 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

রোববার সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে জমকালো আয়োজনে চিটাগং ভাইকিংসের লোগো উন্মোচন করা জয়। অনুষ্ঠানের এক ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের স্বত্বাধিকারী আব্দুল ওয়াহেদ ঘোষণা করলেন দলের অধিনায়কের নাম।

“আইকন ক্রিকেটাদের মধ্যে শুরু থেকেই তামিমকে পেতে চেয়েছিলাম আমরা। ওকে পাওয়ার পর থেকেই বলে আসছি, আমাদের দল পরিচালনা করবে সে। তামিমই আমাদের দলের অধিনায়ক।”

নাম ঘোষণার সময় পাশেই ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক কথা দিলেন নিজ শহরের দলের জন্য সম্ভব সেরাটা ঢেলে দেওয়ার।

“কাগজে-কলমে আমরা অনেক শক্ত দল। কিন্তু টি-টোয়েন্টিতে আগে থেকে কিছু বলা মুশকিল। আমার দিক থেকে একটা নিশ্চয়তা দিতে পারি, নিবেদনে কোনো কমতি থাকবে না। আমরা শতভাগ উজার করে দেব। জয়-হার পরের ব্যাপার।”

প্রথম বিপিএলেও চট্টগ্রামের দল চিটাগং কিংসে ছিলেন তামিম। কিন্তু চোট সমস্যায় সেবার মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন। পরের আসরে নিজ শহরের দলে খেলতে পারেননি, ছিলেন দুরন্ত রাজশাহী দলে। এবার আবার চট্টগ্রামের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তামিম।

“শুরুতে শোনা যাচ্ছিল, আইকন ক্রিকেটাদের সমঝোতার মাধ্যমে নেওয়া হবে, আমি হয়ত চট্টগ্রামে থাকব। পরে লটারি হলো, খুবই ভালো লেগেছে যে চট্টগ্রামে থাকতে পেরেছি। লটারির আগে থেকেই আসলে আমরা দল নিয়ে কথা বলছিলাম, পরিকল্পনা করছিলাম। দলও ভালো হয়েছে। এবার মাঠে নেমে পারফর্ম করার পালা।”  

২২ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে চিটাগং ভাইকিংস, প্রতিপক্ষ কাগজে-কলমে আরেক শক্তিশালী দল রংপুর রাইডার্স।