২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফর নিয়ে এককভাবে সিদ্ধান্ত নেবে না বিসিবি

বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে এককভাবে সিদ্ধান্ত নেবে না বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 12:53 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

বাংলাদেশের মেয়েদের পাকিস্তান সফরে নিতে প্রবলভাবে আগহী পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে করাচি ও লাহোর পরিদর্শন করে বৃহস্পতিবার দেশে ফিরেছে বিসিবির নিরাপত্তা পরিদর্শক দল।

শনিবার রাতে গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে আসেন নাজমুল হাসান। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

“আমাদের পরিদর্শক দল এখনও রিপোর্ট দেয়নি। ওদের রিপোর্ট দেখি, তারপর ঠিক করা যাবে যে, যাওয়া যায় কি যায় না। এটা শুধু আমাদের বিষয় না। ক্রিকেটারদের ব্যাপার, তাদের পরিবার আছে, সরকার আছে। যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমার মনে হয় না আমরা এককভাবে সিদ্ধান্ত নেব।”

মেয়েরা শেষ পর্যন্ত পাকিস্তান সফরে না গেলে বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের আসা নিয়ে কোনো সমস্যা হবে না বলেও বিশ্বাস বিসিবি প্রধানের।

“আমার মনে হয় না মেয়েদের পাকিস্তান সফরের ওপর বিপিএলে ওদের আসা নির্ভর করবে। এখন যে সম্পর্ক আমাদের আছে, এটা কে আগে খারাপ করবে! ওরাও চায় না সম্পর্ক খারাপ হোক।”