জাতীয় লিগ খেলতে বাধা নেই শাহাদাতের!
শাহাদাত হোসেনের ঘটনায় বিসিবির করার কিছুই নেই বলে জানিয়েছেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান। তবে এখন পর্যন্ত যা অবস্থা, তাতে জাতীয় লিগ খেলতে বাধা নেই এই পেসারের।
গৃহকর্মী নির্যাতনের মামলায় শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে খুঁজছে পুলিশ। স্ত্রীসহ আপাতত পলাতক আছেন এই পেসার।
মামলা হওয়ার পর দিন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছিলেন, এই ঘটনায় বিব্রত বিসিবি।
বুধবার ও বৃহস্পতিবার, টানা দুই দিন বিসিবি কার্যালয়ে এসে বোর্ডের সহায়তা চেয়েছেন শাহাদাতের বাবা-মা।
বিসিবি পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানালেন বিসিবির অবস্থান।
“এখানে বিসিবির কিছুই করার নেই। বিসিবি তো এই বিষয়টায় জড়িত নয়। এটা সিভিলিয়ান ব্যাপার। আইন আছে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”
তবে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ খেলতে শাহাদাতের বাধা নেই বলে জানালেন শেখ সোহেল।
“আমার মনে হয়, অবশ্যই খেলতে পারবে সে। কারণ ক্রিকেটে বা খেলায় তো সে এমন কোনো আচরণ করেনি। যেটা হয়েছে সেটা আলাদা ও তার ব্যক্তিগত ব্যাপার। এটার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।”
কিন্তু মামলায় যেহেতু পুলিশ খুঁজছে শাহাদাতকে, খেলতে এলে এই পেসারকে অনায়াসেই আটক করতে পারে পুলিশ। তখন বিসিবির অবস্থান কি হবে, সেটার ব্যখ্যাও দিলেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান।
“যদ্দুর জানি, এখনও তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। ওয়ারেন্ট হওয়ার পর কিছু একটা দেখা যাবে। আমরা দেখব আইন কি বলে। ওয়ারেন্ট হলে বোর্ড আছে, ডিসিপ্লিন আছে, কিছু একটা করা যাবে।”
