২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় বেলায় আক্ষেপ নেই হ্যাডিনের

সব ধরণের ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন ব্র্যাড হ্যাডিন। বিদায় বেলায় অস্ট্রেলিয়ান উইকেটকিপার জানালেন, আক্ষেপ নেই তার। বরং যাচ্ছেন তৃপ্তি নিয়েই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টসডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 08:44 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

হ্যাডিনের আন্তর্জাতিক ক্যারিয়ার একরকম শেষ হয়ে গিয়েছিল অ্যাশেজ দিয়েই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও হয়ে গেল বুধবার। যে মাঠের সঙ্গে আশৈশব সম্পর্ক, সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এসে হ্যাডিন জানিয়ে দিলেন, টেস্টের পাশাপাশি বিদায় জানাচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেটকেও।

সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে অবশ্য খেলে যাবেন ৩৮ ছুঁইছুঁই এই উইকেটকিপার ব্যাটসম্যান।

গত বিশ্বকাপ জয়ের পর বিদায় জানিয়েছিলেন ওয়ানডে ক্রিকেটকে। অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন, সেটিও ছিল অনুমিত। যদিও বিদায়ের চিত্রনাট্য অনুসরণ করেনি হ্যাডিনের মনের গলি।

অ্যাশেজের প্রথম টেস্টের পর অসুস্থ মেয়ের পাশে থাকার জন্য দেশে ফিরে যেতে হয়েছিল হ্যাডিনকে। পরে যখন ফিরলেন ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া দলে উইকেটের পেছনে জায়গাটি তখন প্রথম সুযোগেই নিজের করে নিয়েছেন পিটার নেভিল। পরের পুরো সময়টা তিনি দর্শক। মাঠের বাইরে থেকেই দেখলেন অ্যাশেজ খোয়ানো। বিদায়টাও নিতে পারলেন না মাঠ থেকে।

তবে ক্যারিয়ার জুড়ে প্রাপ্তির কাছে পাত্তা পাচ্ছে না সেই আক্ষেপ। হ্যাডিন জানালেন, যাচ্ছেন তিনি তৃপ্ত মনেই।

“অসাধারণ এক ক্যারিয়ার ছিল আমার। উপভোগ করেছি প্রতিটি মিনিট। দিন শেষে সিদ্ধান্তটি নেওয়া মোটেও কঠিন ছিল না। অস্ট্রেলিয়ার হয়ে খেলা ও খেলতে হলে যা যা করতে হবে, সেসব করার ইচ্ছাশক্তি যখন মরে যায়, বুঝতে হবে সরে দাঁড়াবার সময় এখনই। ক্যারিয়ারে দারুণ সময় কেটেছে আমার। যেভাবে যাচ্ছি তাতে এর চেয়ে বেশি খুশি আর হতে পারতাম না।”

অসুস্থ মেয়ের পাশে থাকার জন্য দেশে ছুটে না গেলে হয়ত মাঠ থেকেই বিদায় নিতে পারতেন হাডিন। তার মেয়ে মিয়া ১৭ মাস বয়সেই বিরল প্রজাতির এক ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়। সেই সময়ও (২০১২) পরিবারের পাশে থাকার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি হ্যাডিন। এবারও ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলে ফিরে যান মেয়ের পাশে। মাঠ থেকে নয়, বিদায় নিতে হলো তাই সংবাদ সম্মেলন করে।

তবে শেষটা এভাবে হলো বলে এতটুকুও আক্ষেপ নেই হ্যাডিনের।

“সবার কাছেই পরিবার সবকিছুর আগে এবং এটা নিয়ে আমার একটুও আক্ষেপ নেই। ওই সময় আমার পরিবারের আমাকে প্রয়োজন ছিল। বাস্তবতা হলো, ওই সময় অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামলে আমি শতভাগ দিতে পারতাম না। জানি আমার ওই সিদ্ধান্তের কারণে আমি দলে জায়গা হারিয়েছি। কিন্তু তাতে এক বিন্দুও আক্ষেপ নেই।”

অ্যাডাম গিলক্রিস্ট অবসর নেওয়ার পর ২০০৮ সালে টেস্ট অভিষেক হ্যাডিনের। ৬৬ টেস্টে ৩২.৯৮ গড়ে রান করেছেন ৩ হাজার ২৬৬। শতক ৪টি, অর্ধশতক ১৮টি। ডিসমিসাল ২৭০টি, ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মাত্র ৫ জন কিপারের।

নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৯৯-২০০০ মৌসুমে। ১৮৪ ম্যাচে ৩৮.০ গড়ে রান ৯ হাজার ৯৩২, সেঞ্চুরি ১৭টি। ডিসমিসাল ৬৪৮টি।