বিপিএল ক্রিকেটারদের পাওনা পরিশোধ শুরু
বিপিএলে খেলা স্থানীয় ক্রিকেটারদের পাওনা পরিশোধ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ৬৫ জন ক্রিকেটারকে দেওয়া হচ্ছে বকেয়া টাকা।
রোববার বিসিবিতে ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা শুরু হয়। অনেক ক্রিকেটারই এদিন নিজেদের চেক নিয়ে গেছেন, অনেকে নেওয়ার অপেক্ষায়।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা জানান, মোট দুই কোটি টাকার কিছু বেশি দেওয়া হচ্ছে ক্রিকেটারদের।
বিপিএলের তৃতীয় আসরের তোড়জোড় শুরু হলেও আড়াই বছর আগে হওয়া দ্বিতীয় আসরের পারিশ্রমিক পাওনা ছিল ক্রিকেটারদের। বেশিরভাগ ক্রিকেটারই পেয়েছিলেন চুক্তির অর্ধেকের কম টাকা। বিসিবি আগের দলগুলোর ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেওয়া পর আরও অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ‘গ্যারান্টার’ হিসেবে বিসিবিই দিয়ে দিচ্ছে টাকা।
আফজালুর রহমান সিনহার আশা, এই উদ্যোগের পর আর পাওনা নিয়ে কোনো অভিযোগ থাকবে না ক্রিকেটারদের। বিদেশী ক্রিকেটারদেরও দুই-একজন ছাড়া সবার পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে বলে জানান গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।
ক্রিকেটারদের পাওনা পরিশোধ হলেও দলগুলির সাপোর্ট স্টাফ, আম্পায়ার, স্কোরারসহ অনেকেরই পারিশ্রামিক বাকি এখনও। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, জানান গভর্নিং কাউন্সিলের প্রধান।
“আম্পায়ার এবং অন্য বিষয়গুলোতে যে বকেয়া রয়েছে, তা গেম অনের দেওয়ার কথা ছিল। ওদের সঙ্গে কি সমস্যা হয়েছে এই সব আমরা জানি না। সেখানে কিছু কিছু অভিযোগ আমরা পেয়েছি। এগুলো দেখে অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বিসিবি।”
আফজালুর রহমান সিনহা জানান, বিসিবির আইনি বিভাগ তাদের দিয়ে দেওয়া টাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে আদায় করতে ব্যবস্থা নিচ্ছে।
প্রদেয় অর্থের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি রোববার নতুন করে আবার মনে করিয়ে দিলেন নাইমুর।
“কোন ক্রিকেটারের টাকার প্রয়োজন কেমন, সেটা বিবেচনায় ছিল আমাদের। অনেক সিনিয়র ক্রিকেটারই আছে বিভিন্ন উৎস থেকে যারা আয় করতে পেরেছে, অনেকেই যেটা পারেনি। তাদের সেখানে ব্যালান্স করতে হয়েছে। কোনো সুনির্দিষ্ট হার ছিল না। ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে বসে ঠিক করেছি।”
তারপরও অবশ্য দু-একজন ক্রিকেটার টাকার অঙ্ক নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন। তাদের জন্য নাইমুরের কড়া জবাব, “অসন্তুষ্টি থাকতেই পারে। অনেকেরই আসলে কোনো কিছুতেই সন্তুষ্ট না হওয়ার একটা অভ্যাস আছে।”
পাওনা পরিশোধের ক্ষেত্রে নাইমুরের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, সম্পর্ক প্রাধান্য পেয়েছে, এমন অভিযোগও উঠেছে। সেটির জবাবও দিলেন নাইমুর।
“এমন দায় আসতে পারে, এটা মাথায় রেখেই করেছি। সবাই তো খুশি হবে না। সবাই খুশি হলে তো আমি ঠিক নই। আমরা অনেকেই দাবী করি যে, আমরা সবার কাছেই ভালো। কিন্তু সবার কাছে ভালো থাকা সম্ভব নয় কখনো।”
রংপুর রাইডার্সের ক্রিকেটারদের অবশ্য পাওনা অবশ্য পরিশোধ করছে না বিসিবি। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানান, ক্রিকেটারদের পাওনা নিজেরাই চুকিয়ে দিতে চায় রংপুরের মালিকপক্ষ।
